সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
আজ সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি এই বিপুল সম্ভাবনা ও সুযোগ কাজে লাগাতে প্রতিনিধিদলকে পরামর্শ দেন এবং এ ব্যাপারে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় সংগঠনটি জানায়, চেম্বারের ব্যবসায়ী ও উদ্যোক্তারা কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তিকে সম্পৃক্ত করে সৌদি আরবের পাঁচটি বড় শহরে বাংলাদেশের পণ্য, সেবা ও সম্ভাবনাময় খাতগুলোর পরিচিতি, দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এবং ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ প্রতিষ্ঠায় কাজ করছে।
সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদল সৌদি আরবের বিশিষ্ট বিনিয়োগকারী, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সমন্বয়ে ঢাকায় অনুষ্ঠিতব্য আসন্ন আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
প্রতিনিধিদল থেকে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন এবং পরিচালক প্রীতি চক্রবর্তী, এ বি এম সিদ্দীক, মো. সাজ্জাদ উন নেওয়াজ প্রমুখ।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেসসচিব উপস্থিত ছিলেন।
