উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব

inside-post
নিজস্ব প্রতিবেদক

সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইন প্রণয়নের পাশাপাশি সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতেও সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র।রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়িত ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় আয়োজিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের বিষয় ছিল ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’।

স্পিকার বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোর বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য জটিলতাও বাড়ছে।

জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার তদারকি করা সংসদ সদস্যদের দায়িত্ব। এই কর্মশালায় অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শুধু বাজেট বরাদ্দ বা সরকারি ব্যয়ের পরিমাণ পর্যবেক্ষণ করলেই হবে না। বরাদ্দ করা অর্থের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।
এ ক্ষেত্রে সংসদীয় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণের সুদ মওকুফ এবং কৃষক কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং এসডিজির অভীষ্ট অর্জন।

সভাপতির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ১১ বছর পর একটি নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে।

যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করা সম্ভব হয়েছে, একইভাবে এসডিজি অর্জনও সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ বক্তব্য দেন। পরে স্পিকার কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

আরো দেখুন