
কুমিল্লা প্রতিনিধি।০১ জুলাই, ২০২৬
কাটাবিলের স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’-এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে ২৫ জুন দুপুরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এরপর কুমিল্লা জেলা পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত চারজনকে আগে থেকেই গ্রেপ্তার করা হয় এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
তবে ঘটনার মূলহোতা ও অপু সিন্ডিকেটের দলনেতা আবু হানিফ ওরফে অপু আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তারে কিছুটা সময় লাগে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে বুধবার (১ জুলাই) রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অপুর দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা সদর কোতোয়ালি থানার জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষের দিন ব্যবহৃত বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, আবু হানিফ ওরফে অপুর বিরুদ্ধে বিভিন্ন আইনে ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv