অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬,
রুহুল কবির রিজভী
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গভীরভাবে উপলব্ধি করেছেন। এ কারণে দলের পক্ষ থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর), রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি ও নির্বাচনি ইশতাহারে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং তা মোকাবিলায় করণীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। এর আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন-২০৩০’-এও পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, দেশের জলাভূমি, নদী, নালা, খাল ও বিল পুনঃখননের পাশাপাশি এগুলোকে দূষণমুক্ত রাখতে হবে। বিভিন্ন শিল্পকারখানা থেকে নির্গত রাসায়নিক ও বিষাক্ত বর্জ্যের কারণে দেশের জলাশয় ও নদ-নদী দূষিত হচ্ছে। এসব জলাধার রক্ষায় সরকার কাজ করছে।
রিজভী জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এরই অংশ হিসেবে গত ছয় মাসে নির্ধারিত আড়াই কোটি গাছের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় তিন কোটি বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃক্ষের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বৃক্ষ হচ্ছে পৃথিবীর প্রকৃতির ড্রয়িংরুম। মানুষ যেমন : নিজের ঘর সাজায়, তেমনি বৃক্ষের মাধ্যমে পৃথিবীকেও সাজানো যায়। গাছপালা যত সতেজ ও সবুজ হয়ে বেড়ে উঠবে, পরিবেশ তত নির্মল হবে এবং মানুষ বিশুদ্ধ অক্সিজেন পাবে।
তিনি বলেন, ৩০০ ফিট এলাকায় নিম ও কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে। নিম পরিবেশবান্ধব একটি বৃক্ষ। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবেশ ও বৃক্ষরোপণ উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, সৌদি আরবের আরাফাত ময়দানে নিমগাছ লাগানোর উদ্যোগ পরিবেশ সচেতনতার একটি অনন্য দৃষ্টান্ত।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরি এ্যানি, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv