বাংলা কিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বাংলা কিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে ব্যাংক ও মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহকরা মোবাইল অ্যাপ ব্যবহার করে দেশব্যাপী প্রায় ৩৯ লাখ মার্চেন্টে বাংলা কিউআর স্ক্যান করে অর্থ পরিশোধের সুযোগ পাচ্ছেন।
২০২৬ সালের জুনে দৈনিক গড়ে ১ লাখ বাংলা কিউআর পেমেন্ট সম্পন্ন হতো, যার অর্থমূল্য ছিল গড়ে ২৮ কোটি টাকার বেশি।
এছাড়া আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট গ্রহণে মার্চেন্টদের উৎসাহিত করতে সংশ্লিষ্ট মার্চেন্ট হিসাবে অর্থ তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে।
এদিকে সেপ্টেম্বর মাসে বাংলা কিউআরের মাধ্যমে গড় লেনদেনের পরিমাণ বেড়ে ৪ হাজার ১০১ টাকায় উন্নীত হয়েছে, যা জুনে ছিল ২ হাজার ৮০০ টাকা।
আরিফ হোসাইন খান বলেন, আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পারসন-টু-পারসন (পিটুপি) লেনদেন চালুর সিদ্ধান্ত হয়েছে। এতে একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলা কিউআর স্ক্যান করে বা সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে ছবি আপলোড করে অর্থ স্থানান্তর করতে পারবেন।
গ্রাহকের আস্থা বাড়াতে ব্যর্থ বাংলা কিউআর লেনদেনের অর্থ দ্রুততম সময়ে ফেরতের ব্যবস্থাও করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির জন্য ২৭ সেপ্টেম্বর পৃথক গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
