বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৭-৮টি পোশাক কারখানার শ্রমিকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, উত্তরার আজমপুর এলাকায় সকাল ১০টা থেকে ৬-৭টি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অফিস টাইমে সড়ক অবরোধের কারণে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া পরিশোধ এবং নির্দিষ্ট দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা না পাওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা সড়কেই রয়েছেন।
এদিকে গতকাল বুধবারদুপুর ১২টার দিকে এয়ারপোর্ট গোলচত্বরে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান।