প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৪:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
গুজব ও বিশৃঙ্খলা রোধে দরকার ঐক্যবদ্ধ প্রতিরোধ : আনসার-ভিডিপির মহাপরিচালক
গুজব ও বিশৃঙ্খলা রোধে দরকার ঐক্যবদ্ধ প্রতিরোধ : আনসার-ভিডিপির মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাঠপর্যায়ের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পূজারীদের মধ্যে আস্থার পরিবেশ সুদৃঢ় করতে গাজীপুরের পূর্ব চান্দরা শ্রী শ্রী কালী ও দুর্গা মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার (১৭ অক্টোবর) মন্দিরটি পরিদর্শনকালে তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখেন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বশীলতা ও সতর্কতার ওপর জোর দেন।পরিদর্শনকালে মহাপরিচালক জানান, শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ২ লাখ ১২ হাজারেরও বেশি আনসার-ভিডিপি সদস্য মাঠে নিয়োজিত রয়েছেন। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলায় সারা দেশে ১০৪টি স্ট্রাইকিং টিম প্রস্তুত রয়েছে।
প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাপনার তথ্য তুলে ধরে তিনি বলেন, মাঠপর্যায়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং পরিস্থিতি মূল্যায়নের জন্য সংশ্লিষ্টদের ‘শারদীয় সুরক্ষা অ্যাপসে’ সমন্বিতভাবে সংযুক্ত করা হয়েছে। এর ফলে যেকোনো তথ্য দ্রুত আদান-প্রদান এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ সহজ হচ্ছে।
মহাপরিচালক বলেন, কোনো অসাধু বা স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে গুজব, উসকানি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা ধৈর্য ও প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।
তিনি উল্লেখ করেন, স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, পূজা উদ্যাপন কমিটি এবং সাধারণ জনগণের সমন্বিত প্রয়াসই পারে একটি নিরাপদ ও আনন্দঘন পরিবেশ উপহার দিতে।
নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বাহিনীর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে মহাপরিচালক কর্মহীন যুবক-যুবতীদের আনসার-ভিডিপির বিভিন্ন দক্ষতাভিত্তিক ও আয়বর্ধক প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘সঞ্জীবন প্রকল্প’-এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এই উদ্যোগ বেকারত্ব হ্রাস ও জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।