
ইতিমধ্যে কয়েকটি কারখানার মালিক বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের নোটিশ দিয়েছেন। এ ধারায় অবৈধ ধর্মঘটের ক্ষেত্রে নিয়োগকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখতে পারেন। তবে এ ধরনের বন্ধের সময় শ্রমিকদের মজুরি পাওয়ার বিষয়ে আইনে নির্দিষ্ট শর্ত ও সীমাবদ্ধতা রয়েছে।
এদিকে কারখানা বন্ধের আশঙ্কায় রপ্তানি ক্রয়াদেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। চলমান ক্রয়াদেশের পণ্য নির্ধারিত সময়ে উৎপাদন ও সরবরাহ করা কঠিন হয়ে পড়তে পারে। অন্য কারখানাগুলোতে আগে থেকেই উৎপাদনের চাপ থাকায় বন্ধ কারখানার কাজ সেখানে স্থানান্তর করা সহজ হবে না। এ ছাড়া আন্তর্জাতিক ক্রেতাদের নির্ধারিত কারখানা, উৎপাদনপ্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণের শর্ত থাকায় বিকল্প কারখানায় সাবকন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদন করাও কঠিন।
শোভন ইসলাম বলেন, চাইলেই অন্য কারখানায় সাবকন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদন করা সম্ভব নয়। এ কারণে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানোর প্রয়োজন হতে পারে। এমনকি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কাও রয়েছে।
এর আগে শ্রমিক অসন্তোষের কারণে পোশাক কারখানা বন্ধের উদ্যোগ নিয়েছিল বিজিএমইএ। তবে সরকারের অনুরোধে তখন মালিকেরা কারখানা চালু রাখেন। এর মধ্যে নতুন মজুরি বোর্ডের সভায় শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। এরপর গাজীপুর, রাজধানীর মিরপুর ও নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চলে শ্রমিকেরা কাজে ফিরলেও আশুলিয়া ও সাভারের কিছু এলাকায় অসন্তোষ অব্যাহত রয়েছে।
শিল্পমালিকদের মতে, উৎপাদন বন্ধ থাকলে শুধু কারখানার মালিকেরাই ক্ষতিগ্রস্ত হবেন না; শ্রমিকদের আয়, বিদেশি ক্রেতাদের আস্থা এবং দেশের রপ্তানি আয়ও ঝুঁকিতে পড়বে। তাই দ্রুত শ্রমিক অসন্তোষ নিরসন করে কারখানায় স্বাভাবিক উৎপাদন ফিরিয়ে আনা জরুরি।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv