প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
ভাঙ্গা ও আশপাশের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সফল হবে না : ডিআইজি
ভাঙ্গা ও আশপাশের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সফল হবে না : ডিআইজি
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর, ভাঙ্গা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনপথে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তারা কোনোভাবেই সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ভাঙ্গা থানা পরিদর্শনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন।
ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে স্বাভাবিক চলাচল বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ জনপদে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘পুলিশের সদস্যদের সঙ্গে আলোচনা, তাদের কার্যক্রমের খোঁজখবর নেওয়া এবং এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি ভাঙ্গায় এসেছেন। আগামী দিনগুলোতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
পাশাপাশি তাদের মনোবল বৃদ্ধি ও কর্মদক্ষতা আরো জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজন আসামিকে শনাক্ত করা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া আরো কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।