প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
করণ জোহরকে ‘কমিটমেন্ট-ফোবিক’ বললেন সিদ্ধার্থ
করণ জোহরকে ‘কমিটমেন্ট-ফোবিক’ বললেন সিদ্ধার্থ
বিনোদন ডেস্ক
প্রেমের সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হতে ভয় পান করণ জোহর—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। তার কথায় সায় দিয়েছেন সিদ্ধার্থের স্ত্রী ও অভিনেত্রী কিয়ারা আদভানিও।সম্প্রতি কফি উইথ করণ-এর নবম মৌসুমে অতিথি হয়ে এসে করণের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এমন মন্তব্য করেন এই তারকা দম্পতি।
অনুষ্ঠানের ‘কফি শটস’ পর্বে করণ অতিথিদের বিভিন্ন পরিস্থিতি নিয়ে প্রশ্ন করছিলেন। একপর্যায়ে আলোচনায় আসে সম্পর্কের প্রসঙ্গ। তখন সিদ্ধার্থ করণকে প্রশ্ন করেন, কেন তিনি তার রোমান্টিক সম্পর্কগুলোকে দীর্ঘস্থায়ী সম্পর্কে রূপ দিতে পারেননি।তার প্রশ্ন, করণের মধ্যে কি প্রতিশ্রুতি দেওয়ার ভয় কাজ করে?
এরপর সিদ্ধার্থ বলেন, কফি উইথ করণ-এর আগের একটি মৌসুমে করণকে দেখে তার মনে হয়েছে, পরিচিতদের মধ্যে করণই সবচেয়ে বেশি ‘কমিটমেন্ট-ফোবিক’। সিদ্ধার্থের এই কথায় সঙ্গে সঙ্গে সম্মতি জানান কিয়ারা।তবে করণ জানান, প্রতিশ্রুতি দিতে তার আপত্তি নেই। বন্ধুত্ব ও অভিভাবকত্বের দায়িত্ব তিনি ঠিকই পালন করতে পারেন।
কিন্তু প্রেমের সম্পর্কের ক্ষেত্রে তার অবস্থান ভিন্ন। নিজের এই আচরণের কারণ হিসেবে আত্মবিশ্বাসের অভাবের কথা উল্লেখ করেন করণ। তিনি বলেন, কেউ যখন তাকে জানান যে তার সঙ্গে সময় কাটাতে চান বা দেখা করতে চান, তখনই তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন।
এর আগে ২০২৪ সালে সাংবাদিক ফায়ে ডি’সুজার সঙ্গে এক আলাপচারিতায় নিজের প্রেমের সম্পর্ক নিয়েও কথা বলেছিলেন করণ। সে সময় তিনি জানিয়েছিলেন, জীবনে মাত্র দেড়টি সম্পর্কে জড়িয়েছেন তিনি।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সঙ্গীর প্রয়োজনীয়তা সম্পর্কেও তার দৃষ্টিভঙ্গি বদলেছে।
করণ বলেন, ৪০ বছর বয়সে সঙ্গীর অভাব অনুভব করলেও ৫০ বছর বয়সে এসে আর তেমনটা মনে হয়নি। একা থাকতেই এখন তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এমনকি সঙ্গী খোঁজার জন্য বিভিন্ন সংস্থা, পরিচিতজনের মাধ্যমে পরিচয় এবং অন্ধ-ডেটেও অংশ নিয়েছেন। তবে এখন আর সম্পর্কের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করার প্রয়োজন অনুভব করেন না তিনি।
উল্লেখ্য, করণ জোহর যশ ও রুহি নামে যমজ সন্তানের একক অভিভাবক। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে তাদের জন্ম হয়।