
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬,
জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করা এই বিশেষ দূত বলেছেন, ‘ইসরাইল সব সময় শিশু হত্যা করে।’ তার এ বক্তব্যকে ইহুদিবিদ্বেষী ও পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিয়েছেন ইসরাইলি লেখক ডেভিড বেন-বাসাত।
জেরুজালেম পোস্টের এক মতামতধর্মী নিবন্ধে তিনি দাবি করেন, আলবানিজের বক্তব্যে নির্দিষ্ট কোনো ঘটনা, সময়, স্থান কিংবা দায়ী ব্যক্তির উল্লেখ নেই। বরং ‘সব সময়’ শব্দটি ব্যবহারের মাধ্যমে ইসরাইল রাষ্ট্রকে শিশু হত্যার সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করার চেষ্টা করা হয়েছে।
নিবন্ধে বলা হয়, আয়ারল্যান্ডের পার্লামেন্টের একটি কমিটির সামনে বক্তব্য দেওয়ার সময় আলবানিজ এ মন্তব্য করেন। লেখকের মতে, কোনো নির্দিষ্ট ঘটনার প্রমাণ ও দায় নির্ধারণের আগেই এমন সাধারণীকরণ করা হয়েছে, যা নিরপেক্ষ তদন্তের প্রশ্নকে আড়াল করে।
নিবন্ধে আরও প্রশ্ন তোলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার সময় নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতার অভিযোগের বিষয়ে আলবানিজের অবস্থান কীভাবে তার সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
লেখকের দাবি, ২০২৪ সালের মার্চে আলবানিজ বলেছিলেন, হামলার পর যৌন সহিংসতার যেসব প্রতিবেদন তিনি পড়েছেন, সেগুলো তাকে সন্তুষ্ট করার মতো প্রমাণ দিতে পারেনি।
অন্যদিকে, একই মাসে সংঘাতের সময় যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের নেতৃত্বে পরিচালিত একটি অনুসন্ধানী মিশন জানায়, ৭ অক্টোবরের হামলার সময় অন্তত তিনটি স্থানে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে বলে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রয়েছে। জিম্মিদের ক্ষেত্রে যৌন সহিংসতা, ধর্ষণসহ বিভিন্ন নির্যাতনের ঘটনা ঘটেছে— এমন স্পষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্যও পাওয়া গেছে বলে মিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv