
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬,
পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে তাদের। বাইরে বেরিয়ে দেখেন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বসতবাড়ি। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে ভেঙে ফেলা হয় ঘরবাড়ি। এ সময় বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে একটি বেকারির মালিককে কুপিয়ে আহত করা এবং ঘর ও দোকান থেকে নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৩টা থেকে ৪টার মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৯ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জমিলা খাতুন, স্বর্ণকার শাহীন ও তাদের লোকজনকে দায়ী করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন জমিলা খাতুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে ৭০ থেকে ৮০ জনের একটি দল বুলডোজার নিয়ে ওই বাড়িতে আসে। এরপর কিছু বুঝে ওঠার আগেই বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ এমন ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙচুরের পর বাড়ির ইট, টিন, কাঠ, আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে।
ভুক্তভোগী জহুরা বেগম অভিযোগ করেন, আমরা রাতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে। বাইরে বের হয়ে দেখি, কিছু লোক ছুরি-রামদা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আর ভেকু দিয়ে ঘর ভাঙছে। জমিলা খাতুন, স্বর্ণকার শাহীন ও তাদের লোকজন আমাদের ঘুমের মধ্যে ঘরছাড়া করেছে। এ ঘটনায় আমরা আতঙ্কিত।
স্থানীয় বাসিন্দা রাব্বি অভিযোগ করেন, হামলার সময় বেকারির মালিক জুবায়েরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ছাড়া তার ঘরে থাকা নগদ টাকাও নিয়ে গেছে হামলাকারীরা।
এদিকে মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন জমির মালিকানা দাবিদার জমিলা খাতুন। তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী ওয়ারিশ সূত্রে তারা সাত শতাংশ জমির বৈধ মালিক। জমির মালিকানা নিয়ে হাইকোর্টেও তাদের পক্ষে রায় রয়েছে। কিন্তু বৈধ কাগজপত্র ও আদালতের রায় থাকার পরও তারা জমির দখল বুঝে নিতে পারছেন না। জমিতে যেতে চাইলে বিভিন্নভাবে হয়রানি ও মারধরের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডেকে কথা বলা হয়েছিল। এরপরও এক পক্ষ এসে বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় এসে অভিযোগ করলে মামলা নেওয়া হবে।