
কুমিল্লা প্রতিনিধি:
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬,
কুমিল্লায় নাশকতার উদ্দেশে ভারত থেকে ফেরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে আজহারুল ইসলাম নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাতে জেলা যুবদল তাকে বহিষ্কার করে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানায়।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় এবং রক্ষায় ভূমিকা রাখার সুনির্দিষ্ট অভিযোগে আজহারুলকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু যুগান্তরকে বলেন, নিষিদ্ধ সংগঠনের এক শীর্ষ নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পরপরই আমরা আজহারুলের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। এ ধরনের কর্মকাণ্ডে যারাই জড়িত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান মোশাররফ হোসেন মুন। সম্প্রতি তিনি গোপনে দেশে ফিরে আজহারুলের বাড়িতে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, নাশকতাসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুনকে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এর মধ্যে ২০২৪ সালের ২১ নভেম্বর সদর দক্ষিণ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে এবং ২৩ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।