রাষ্ট্রপতির সঙ্গে আন্তর্জাতিক নারী সংগঠন প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে আন্তর্জাতিক নারী সংগঠন প্রধানের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক নারী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড।
আজ মঙ্গলবার বঙ্গভবনে অনুষ্ঠিত সাক্ষাতে ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫-এর চেয়ারম্যান মুশায়লা করিম, সাবেক বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, ওয়েবমাস্টার শারমিন হোসেন এবং ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, এ সময় প্রতিনিধিদলের সদস্যরা সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া নারী এবং শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপ্রধান দেশে-বিদেশে সংগঠনটির সদস্যদের পরিচালিত বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বৃহত্তর পরিসরে সংগঠনটি সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নারী ও শিশু কল্যাণে তাদের কার্যক্রম আরো সম্প্রসারিত করবে।
প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতির মূল্যবান দিক-নির্দেশনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।
