সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে দুদকে তলব

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৩০ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

 

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শোনা ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।

নোটিশে আরো বলা হয়েছে, অনুসন্ধান কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন দাখিলের জন্য দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

 

নির্ধারিত সময়ে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার জন্য সাবেক এই সেনাপ্রধানকে অনুরোধ করা হয়েছে নোটিশে।

নোটিশের তথ্য অনুযায়ী, শফিউদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগের অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর।

শফিউদ্দিন ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্ব নিয়েছিলেন।

 

তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান জেনারেল শফিউদ্দিন। সেনাপ্রধান থাকা অবস্থায় তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন।

inside-post
আরো দেখুন