অকালপ্রয়াত তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের সৃজনশীল কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি

অনলাইন ডেস্ক:
অকালপ্রয়াত তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের সৃজনশীল কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’। আগামী ৩ জুলাই প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘চরকি কার্নিভ্যাল’-এ এই মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে।

চরকি কর্তৃপক্ষ জানায়, ২০২৩ ও ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত কনটেন্টগুলোর মধ্য থেকে সেরাদের পুরস্কৃত করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। ২০২৪ সালের ‘সাবস্ক্রাইবারস চয়েস’ বিভাগে ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর তালিকায় কারিনা কায়সারের নাম আসার কথা থাকলেও তাঁকে প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘কারিনা তাঁর অসাধারণ কাজের মাধ্যমে আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি আজ সব প্রতিযোগিতার ঊর্ধ্বে। তাই তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁকে সাধারণ প্রতিযোগিতার তালিকায় না রেখে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
উল্লেখ্য, গত ১৬ মে অসুস্থতাজনিত কারণে মাত্র কয়েক দিনের ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমান কারিনা কায়সার। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে আসে।
এদিকে চরকি কার্নিভ্যালে ২০২৪ সালের ‘সাবস্ক্রাইবারস চয়েস’ বিভাগে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে— কাছের মানুষ দূরে থুইয়া, তুফান, লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী এবং ৩৬-২৪-৩৬। দর্শকরা ইতোমধ্যে বিভিন্ন বিভাগে ভোট দেওয়া শুরু করেছেন। শিগগিরই সমালোচক বিভাগ এবং ২০২৩ সালের মনোনয়ন তালিকাও প্রকাশ করা হবে বলে জানিয়েছে চরকি।