জামিন পেলেন কুমিল্লা তনু হত্যা মামলা আসামী: সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

জামিন পেলেন কুমিল্লা তনু হত্যা মামলা আসামী: সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

inside-post
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান হাইকোর্টের জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে গত রোববার (২ আগস্ট) মামলার শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ হাফিজুর রহমানকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান। দীর্ঘ প্রায় ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন তাঁকে কুমিল্লার আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই সাত দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, গ্রেপ্তারের পর হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষার পর ডিএনএ–সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।
২০১৬ সালের মার্চে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে মামলাটির তদন্ত চললেও হত্যাকান্ডের রহস্য উদ্‌ঘাটন হয়নি। চলতি বছরের এপ্রিলে হাফিজুর রহমানকে গ্রেপ্তারের মাধ্যমে মামলায় প্রথমবারের মতো কোনো আসামিকে আটক করা হয়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান জানান, হাইকোর্টের জামিনের আদেশের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার সন্ধ্যায় হাফিজুর রহমানকে মুক্তি দেওয়া হয়েছে।

আরো দেখুন