পানি উন্নয়ন বোর্ডের জমি নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা কাউসার খুন— পুলিশ সুপার

পানি উন্নয়ন বোর্ডের জমি নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা কাউসার খুন— পুলিশ সুপার

কুমিল্লা প্রতিনিধি:
পানি উন্নয়ন বোর্ডের জমি নিয়ে বিরোধের জেরে সালিশে যাওয়ার পথে কুমিল্লায় যুবদল নেতা মো. আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার ভাই তানজিরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সকালে সদর উপজেলার ছত্রখিল এলাকায় এ হত্যাকাণ্ডের পর গভীর রাতে নগরীর নূরপুর এলাকা থেকে তৌহিদকে গ্রেফতার করে ডিবি। একই দিন তৌহিদের ভাই তানজিরকে গ্রেফতার করেছে এসআরবি।

যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও এসআরবি ১১ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম।
জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান জানান, জমিটি পানি উন্নয়ন বোর্ডের। গ্রেপ্তার তৌহিদ জানিয়েছে এই জমিতে তারা যখনই রিসোর্ট করতে যায় তখন বাধা দিতে থাকে শামীম ও তার বন্ধু আবু কাউসার। সেই থেকেই তাদের বিরোধ শুরু। এটি নিয়ে গতকাল একটি মীমাংসার বৈঠক হওয়ার কথা ছিল। সেখানেই পূর্বপরিকল্পিতভাবে হামলা করেছে তৌহিদ ও তার ভাইসহ লোকজন।
এসআরবি ১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক অবস্থায় তানজিরকে গ্রেফতার করেছি।
উল্লেখ্য, মো. আবু কাউসার কুমিল্লা মহানগর যুবদলের সাবেক সদস্য। শুক্রবার কাউসারের বন্ধু শামীমসহ একটি জমির বিরোধ মিমাংসায় যান তিনি। সেখানে অটোরিকশা চালক মাসুম ও কাউসারকে কুপিয়ে আহত করে অভিযুক্তরা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।