শিক্ষকদের সাংবাদিকতা করার সুযোগ নেই : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

শিক্ষকদের সাংবাদিকতা করার সুযোগ নেই : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, শিক্ষক কিংবা অন্য পেশায় কর্মরত কারো সাংবাদিকতা করার সুযোগ নেই।

বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি।উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মতবিনিময়সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) আব্দুস সবুর এবং তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিকতা একটি স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা। অন্য পেশার সঙ্গে যুক্ত থেকে একই সময়ে সাংবাদিকতা করা পেশাগত শৃঙ্খলা ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই।

সাংবাদিকতার পরিচয় শুধু একটি পদবি বা পরিচয়পত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সত্যতা নিশ্চিত করা, নিরপেক্ষতা বজায় রাখা এবং জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সাংবাদিকদের পালন করতে হয়। তাই সাংবাদিকতায় যুক্ত ব্যক্তিদের পেশাগত আচরণবিধি ও নীতিমালা মেনে চলা জরুরি।’ 

বিচারপতি এ কে এম আব্দুল হাকিম আরো বলেন, ‘বর্তমানে বিভিন্ন পেশায় নিয়োজিত অনেকেই সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন—এমন অভিযোগ রয়েছে।

কেউ শিক্ষকতা করছেন, কেউ ব্যবসা করছেন, আবার কেউ অন্য কোনো পেশায় যুক্ত থেকেও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন। এ ধরনের দ্বৈত পেশা সাংবাদিকতার পেশাগত স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার প্রশ্ন তৈরি করতে পারে।’ 

inside-post
আরো দেখুন