অভিযোজন অর্থায়নে সুনির্দিষ্ট রোডম্যাপ চান বৈশ্বিক দক্ষিণের প্রতিনিধিরা

অভিযোজন অর্থায়নে সুনির্দিষ্ট রোডম্যাপ চান বৈশ্বিক দক্ষিণের প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য অভিযোজন অর্থায়ন তিনগুণ করার অঙ্গীকার বাস্তবায়নে কপ-৩১ সম্মেলন থেকেই সুনির্দিষ্ট রোডম্যাপ, পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা এবং স্বচ্ছ জবাবদিহি কাঠামো নিশ্চিত করার দাবি জানিয়েছেন বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের প্রতিনিধিরা।
তারা বলেছেন, অভিযোজন অর্থায়ন তিনগুণ করার প্রস্তাবটি পৃথক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও দেশগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় তা গৃহীত হয়নি।

আজ শনিবার তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক সমাজের প্রতিনিধিরা।

‘প্যারিস চুক্তির বাস্তবায়ন ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বৈশ্বিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ নিশ্চিত করো’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কপ-৩১-কে আরেকটি প্রতিশ্রুতির সম্মেলনে সীমাবদ্ধ রাখলে চলবে না। এটিকে বাস্তবায়ন ও জবাবদিহির সম্মেলনে পরিণত করতে হবে।

প্যারিস চুক্তির আর্টিকেল ৯.১ অনুযায়ী উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব কোনো দয়া বা স্বেচ্ছামূলক সহায়তা নয়, বরং আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত বাধ্যবাধকতা।সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি সৌম্য দত্ত বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো বন্যাসহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ছে। অথচ ঘোষিত অনুদান প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য।

এ সংকট মোকাবিলায় আঞ্চলিক সংহতি ও পর্যাপ্ত অর্থায়ন জরুরি। 

বাংলাদেশের প্রতিনিধি কোস্ট ফাউন্ডেশনের এম. এ. হাসান বলেন, বেসরকারি অর্থায়ন দিয়ে উন্নত দেশগুলোর আর্টিকেল ৯.১-এর বাধ্যবাধকতা প্রতিস্থাপন করা যাবে না। তাই জলবায়ু অর্থায়নের উৎস ও দায়িত্বের প্রশ্নে স্পষ্ট সমঝোতা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য অর্থায়নে সরাসরি প্রবেশাধিকার ও দ্রুত অর্থ ছাড়ের ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নেপালের পিপলস মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিসের প্রয়াস অধিকারী বলেন, জটিল আবেদন ও অনুমোদন প্রক্রিয়ার কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছে।এই বৈষম্যমূলক কাঠামো পরিবর্তন করে সরাসরি অর্থায়ন নিশ্চিত করতে হবে।

 

শ্রীলঙ্কার থিলক কারিয়াওয়াসাম বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু অর্থায়নের ঘাটতি ৮২০ বিলিয়ন ডলারের বেশি। অথচ অর্থায়নের বড় অংশ পূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত। জলবায়ু তহবিলের সুফল তৃণমূলের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাতে হবে।

সংবাদ সম্মেলনে আরো বক্তৃতা করেন ভারতের প্রতিনিধি অজয় কুমার, শ্রীলঙ্কার প্রতিনিধি থিলক কারিয়াওয়াসাম এবং বাংলাদেশের প্রতিনিধি লিডার্সের মোহন কুমার মণ্ডল।

inside-post
আরো দেখুন