ফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে ৩ প্রস্তাব প্রবাসী কল্যাণমন্ত্রীর

ফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে ৩ প্রস্তাব প্রবাসী কল্যাণমন্ত্রীর

  • বর্তমানে দেশটিতে কর্মরত ৮ হাজার বাংলাদেশি, চলতি বছর গেছেন আরো ৩৩০০ জন
inside-post
নিজস্ব প্রতিবেদক
ফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে শ্রম অভিবাসনসহ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও রূপান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশে ফিরে আসার বাধ্যবাধকতা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে ভারতে নিযুক্ত ফিজির হাইকমিশনার জগন্নাথ সামির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এসব প্রস্তাব ও অনুরোধ জানানো হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ ও ফিজির দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শ্রম অভিবাসন, বাণিজ্য বহুমুখীকরণ, বিনিয়োগ এবং টেকসই কৃষিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া কূটনৈতিক চ্যানেলে পাঠানো সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের জন্য ফিজি সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ ও ফিজির মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের এই সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি এভিয়েশন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে এবং আমাদের দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। ফিজিতেও বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ করে নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল ও রেস্তোরাঁ এবং কারিগরি খাতে বাংলাদেশি কর্মীরা অত্যন্ত ভালো করবেন।ফিজিতে কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে মন্ত্রী তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। প্রথমত, ফিজিতে কোন কোন খাতে বিদেশি কর্মীর চাহিদা রয়েছে এবং কী ধরনের দক্ষতাসম্পন্ন কর্মী প্রয়োজন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রদান যেন আগ্রহী কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা যায়।

দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর পাশাপাশি চাহিদা নির্ধারণ ও নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে উভয় দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধি।

তৃতীয়ত, দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময় চালু রাখা এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে যৌথভাবে কাজ বাস্তবায়ন করা।

 

তিনি আরো বলেন, বাংলাদেশি কর্মীরা যেন ফিজিতে নিরাপদ ও ভালো পরিবেশে কাজ করার সুযোগ পান এবং তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত থাকে, সে বিষয়ে ফিজি সরকারের সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি বলেন, ফিজি সরকার তার নাগরিকদের বিনামূল্যে শিক্ষা দিয়ে থাকে। ফলে উচ্চশিক্ষা শেষে অনেক নাগরিক বিদেশে চলে যাওয়ায় ফিজির অভ্যন্তরীণ শ্রমবাজারে দক্ষ বিদেশি কর্মীর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আবহাওয়া এবং সংস্কৃতি একই রকম হওয়ায় বাংলাদেশের কর্মীদের জন্য ভালো সুযোগ হতে পারে। তিনি বাংলাদেশ সরকারের উত্থাপিত অনুরোধ ও প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার জন্য ফিজির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, বর্তমানে ফিজিতে প্রায় ৮ হাজার বাংলাদেশি কর্মী কর্মরত এবং চলতি বছরেই আরো ৩ হাজার ৩০০ কর্মী ফিজিতে গিয়েছেন। তিনি বাংলাদেশে অবস্থিত ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মাধ্যমে ফিজির চাহিদা অনুযায়ী আগ্রহী কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক নূরে আলম সিদ্দিকীসহ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো দেখুন