কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে : তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে তিনি দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি। তার দেশে ফেরার বিষয়ে যেসব কথা শোনা যাচ্ছে, সেগুলো মূলত মৌখিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ।
আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যে সম্প্রীতিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, তা আওয়ামী লীগের ভালো লাগছে না। দেশ এগিয়ে যাওয়া, গুম-খুন বন্ধ হওয়া এবং ইতিবাচক পরিবর্তনের বিষয় থেকে মানুষের মনোযোগ সরিয়ে ভীতি তৈরির চেষ্টা করছে দলটি।
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের হিন্দু-মুসলমান একই ছাদের নিচে শান্তিতে বসবাস করেন। ভারতের ক্ষমতাসীন বিজেপি নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধার জন্য বাংলাদেশের হিন্দু-মুসলিম ইস্যু ব্যবহার করছে।
ভারতের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, শোচনীয় কূটনৈতিক নীতির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। এর প্রভাব বাংলাদেশের সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্কে পড়ছে। ভারতের মাটিতে বসে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমের একাংশের তা সমর্থন করা ভারতের দুর্বল পররাষ্ট্রনীতিরই বহিঃপ্রকাশ।
বিশ্বজুড়ে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন আন্দালিভ রহমান বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বর্তমানে বিশ্বজুড়ে বড় ধরনের ব্যাধিতে পরিণত হয়েছে।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর ক্ষমতায়নে কাজ করছেন। একই সঙ্গে বিএনপি সরকার কোনো গণমাধ্যমে হস্তক্ষেপ করার চিন্তা করছে না বলেও জানান তিনি।
