১০ হাজার টাকা ধার নিয়ে শুরু, আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী

১০ হাজার টাকা ধার নিয়ে শুরু, আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বলিউডে নিজের ক্যারিয়ার গড়ার শুরুটা খুব সহজ ছিল না দীপিকা পাড়ুকোনের। অভিনয়ের স্বপ্ন পূরণে পোর্টফোলিও তৈরির জন্য একসময় মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি।

তখন মাকে কথা দিয়েছিলেন, একদিন এই টাকা ফেরত দেবেন এবং তাদের গর্বিত করবেন। 

সম্প্রতি হলিউডের জনপ্রিয় উপস্থাপক এলেন ডিজেনারেসের অনুষ্ঠানে অংশ নিয়ে ক্যারিয়ারের শুরুর দিকের সেই স্মৃতির কথা জানান দীপিকা। হলিউড সিনেমা এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ-এর প্রচারের সময় তিনি ওই অনুষ্ঠানে গিয়েছিলেন।

সাক্ষাৎকারে দীপিকা তার বাবা প্রকাশ পাড়ুকোনের ব্যাডমিন্টন ক্যারিয়ার নিয়েও কথা বলেন।

তিনি জানান, এমন এক সময়ে তার বাবা পেশাদার ব্যাডমিন্টন খেলতেন, যখন ভারতে এই খেলায় পেশাদার হওয়ার সুযোগ খুব বেশি ছিল না। সে সময় অনেকেই চিকিৎসক কিংবা আইনজীবী হতে চাইতেন। তবে তার বাবা খেলোয়াড় হওয়ার পথ বেছে নিয়েছিলেন।বাবার মতো ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার ইচ্ছা কখনো হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে দীপিকা বলেন, তিনি চাইলে বাবাকে খুশি করতে পারতেন।

তবে তার বাবা সব সময় নিজের মনের কথা অনুসরণ করার পরামর্শ দিতেন। দীপিকা জানান, ১৬ বছর বয়সেই বুঝতে পেরেছিলেন, তিনি অভিনেত্রী হতে চান। ক্যামেরার সামনে থাকতেই তার সবচেয়ে ভালো লাগে। 

পোর্টফোলিও তৈরির জন্য মায়ের কাছ থেকে টাকা ধার নেওয়ার স্মৃতিচারণ করে দীপিকা বলেন, একদিন মাকে বসিয়ে ১০ হাজার টাকা ধার চান তিনি। সেই টাকা দিয়ে নিজের পোর্টফোলিওর ছবি তুলতে চেয়েছিলেন।

তখন মাকে বলেছিলেন, একদিন তিনি তাদের গর্বিত করবেন এবং ধার করা টাকাও ফিরিয়ে দেবেন। 

২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকার। এরপর ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেস, গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা, পিকু, বাজিরাও মাস্তানি, পদ্মাবাত, ছাপাক, পাঠান, জাওয়ান ও কাল্কি ২৮৯৮ এডিসহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এবার শাহরুখ খানের সঙ্গে কিং সিনেমায় দেখা যাবে দীপিকাকে।

inside-post
আরো দেখুন