‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের

‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের
বিতর্কের সূত্রপাত একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসের বক্তব্যকে কেন্দ্র করে।
এরপর ফেসবুক লাইভে এসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হককে ইঙ্গিত করে নিজের অবস্থান তুলে ধরেন অপু।
অপুর সেই ভিডিও নিজের ফেসবুক পাতায় শেয়ার করে কটাক্ষ করেন পরীমনি। সেখানে অপুকে উদ্দেশ করে তির্যক ভাষা ব্যবহার করেন তিনি। এমনকি ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন এই অভিনেত্রী।
এবার সেই মন্তব্যের জবাব দিলেন অপু বিশ্বাস। সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পরীমনির নাম সরাসরি উল্লেখ না করেই তার সিনেমার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অপুর দাবি, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটির কয়েকটি এখনো নির্মাণাধীন, আর বাকিগুলোও তেমন আলোচনায় আসেনি।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫টি সিনেমার মাঝে ২০টি সিনেমাই ফ্লপ, ৫টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
অপুর এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের সরব হয়েছেন পরীমনি। একটি পোস্টে সরাসরি নাম উল্লেখ না করলেও অপুকে ইঙ্গিত করেই কটাক্ষ করেছেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। ফলে দুই নায়িকার পাল্টাপাল্টি মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে তাদের দীর্ঘদিনের বিরোধ।
এদিকে দুই তারকার এমন ব্যক্তিগত আক্রমণ ও কাদা ছোড়াছুড়ি নিয়ে শোবিজ অঙ্গনের অনেকেই সমালোচনা করছেন। তাদের মতে, কাজ ও সৃজনশীলতা নিয়ে আলোচনার বদলে তারকাদের এমন প্রকাশ্য বিবাদ ঢালিউডের বর্তমান সংকটকেই আরও স্পষ্ট করে তুলছে।
