বিদেশে চীনা পণ্যের চাহিদা বাড়লেও দেশে অর্থনীতির গতি কমছে

বিদেশে চীনা পণ্যের চাহিদা বাড়লেও দেশে অর্থনীতির গতি কমছে

অনলাইন ডেস্ক
চীনের অর্থনীতিতে আবারও দুর্বলতার চিত্র ফুটে উঠেছে। অক্টোবরে খুচরা বিক্রির প্রবৃদ্ধি কমার পাশাপাশি শিল্প উৎপাদনও প্রত্যাশা পূরণ করতে পারেনি।এতে ভোক্তা ব্যয় ও বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতির গতি ফেরাতে নতুন চাপে পড়েছে বেইজিং। তবে উৎপাদন খাতের কার্যক্রম এখনো সম্প্রসারিত হচ্ছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশটির খুচরা বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় মাত্র ০.৪ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে এই প্রবৃদ্ধি ছিল ১.১ শতাংশ।এমনকি অর্থনীতিবিদদের পূর্বাভাস ০.৮ শতাংশের চেয়েও কম ছিল এই প্রবৃদ্ধি।

 

অন্যদিকে, শিল্প উৎপাদনের প্রবৃদ্ধিও কমেছে। অক্টোবরে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪.৮ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৫.৫ শতাংশ। এ ছাড়া অর্থনীতিবিদদের ৫.৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাসও পূরণ হয়নি।

এতে চীনের অর্থনীতিতে ধীরগতির চিত্র আরো স্পষ্ট হয়েছে। 

বিনিয়োগের মন্দাও চীনের অর্থনৈতিক উদ্বেগ বাড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত স্থায়ী সম্পদে বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় ৮.১ শতাংশ কমেছে। এর আগে প্রথম নয় মাসে এই হ্রাসের হার ছিল ৭.২ শতাংশ। অর্থাৎ বিনিয়োগের দুর্বলতা আরো বেড়েছে।রয়টার্সের জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল বিনিয়োগ ৭ শতাংশ কমবে। কিন্তু প্রকৃতপক্ষে এই হ্রাসের হার আরো বেশি হয়েছে।

স্থায়ী সম্পদে বিনিয়োগ বলতে অবকাঠামো, ভবন, যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদে ব্যয়কে বোঝায়। এ খাতে বিনিয়োগ কমে যাওয়ায় বোঝা যাচ্ছে, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে সতর্ক অবস্থানে রয়েছেন।

খুচরা বিক্রি, শিল্প উৎপাদন ও বিনিয়োগ, তিনটি খাতেই দুর্বলতা দেখা দিয়েছে। কারখানায় উৎপাদন বাড়লেও মানুষের কেনাকাটা ও বিনিয়োগ কমছে। ফলে চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার বাধাগ্রস্ত হচ্ছে।

চীনের অভ্যন্তরীণ চাহিদা কেন গুরুত্বপূর্ণ?

অর্থনীতির গতি বাড়াতে চীন সাধারণ মানুষের ব্যয় ও অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে বিদেশি বাজারের ওপর নির্ভরতা কমাতে চায় দেশটি। কিন্তু খুচরা বিক্রি কম থাকায় সরকারের এসব উদ্যোগ এখনো প্রত্যাশিত ফল দিচ্ছে না।

অক্টোবরে চীনের কারখানা কার্যক্রমও সংকুচিত হয়েছে। দেশটির উৎপাদন খাতের ক্রয় ব্যবস্থাপক সূচক (পিএমআই) সেপ্টেম্বরে ৫০.১ থেকে কমে ৪৯.৩-এ নেমেছে। সূচক ৫০-এর নিচে থাকলে উৎপাদন খাতে সংকোচন বোঝায়।

দুর্বল অভ্যন্তরীণ চাহিদা নিয়ে উদ্বিগ্ন চীনের নীতিনির্ধারকেরা। বিশেষ করে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ায় পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে।

inside-post
আরো দেখুন