গুলির আতঙ্ক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন টাইগার

গুলির আতঙ্ক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন টাইগার

বিনোদন ডেস্ক
মুম্বাইয়ে নিজের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর প্রায় এক মাস পেরিয়েছে। সেই আতঙ্ক কাটিয়ে অবশেষে শুটিংয়ে ফিরেছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ।সম্প্রতি অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে পুণেতে দেখা গেছে তাকে। দুজনেই ব্যস্ত রয়েছেন তাদের আগামী সিনেমা ‘লাগ যা গালে’র শুটিংয়ে। এরই মধ্যে শেষ হয়েছে ছবিটির পুণে পর্বের কাজ। আর সেই শুটিং শেষ হওয়ার পরই প্রথমবার প্রকাশ্যে এলেন টাইগার।
গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় ঘটে ওই গুলির ঘটনা। একটি ফুটবল মাঠে খেলা শেষে গাড়িতে ফেরার সময় বাইকে আসা তিন দুষ্কৃতকারী টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়ির চালকসহ আরো একজন আহত হন। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে শুটিং থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন টাইগার।

পরবর্তী সময়ে তার নতুন সিনেমার শুটিং ঘিরে নিরাপত্তাব্যবস্থাও আরো জোরদার করা হয়। 

সম্প্রতি পুণের একটি নাইটক্লাবে জাহ্নবীর সঙ্গে টাইগারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ক্লাবটির মালিক আরিয়ান নাভালে। তিনি জানান, তাদের ক্লাবেও সিনেমাটির শুটিং হয়েছে। দুই তারকার সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তাদের স্বাগতও জানান তিনি।

এদিকে সিনেমাটির পুণে পর্বের শুটিং শেষ হওয়ার খবর জানিয়েছেন ছবির কেশ ও রূপসজ্জাশিল্পী সৌরভ রায়।

সেট থেকে একটি কেকের ছবি প্রকাশ করে তিনি শুটিং শেষ হওয়ার কথা জানান। ছবিটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন জাহ্নবীও। 

রাজ মেহতার পরিচালনায় নির্মিত হচ্ছে ‘লাগ যা গালে’। টাইগার ও জাহ্নবী ছাড়াও এতে অভিনয় করছেন লক্ষ্য। ছবিতে টাইগারকে দেখা যাবে ভিন্নধর্মী এক চরিত্রে। অভিনেতার ভাষ্য অনুযায়ী, তিনি এতে ‘অ্যান্টি-হিরো’র ভূমিকায় অভিনয় করছেন। চরিত্রটির মধ্যে রয়েছে অন্ধকার ও অনিশ্চয়তার ছাপ।

এর আগে ‘গুড নিউজ’, ‘যুগ যুগ জিও’ ও ‘সেলফি’র মতো সিনেমা পরিচালনা করেছেন রাজ মেহতা। অন্যদিকে, টাইগারকে সর্বশেষ দেখা গেছে ‘বাগি ৪’ সিনেমায়। সামনে রেমো ডি’সুজার পরিচালনায় আরও একটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার।

inside-post
আরো দেখুন