ফরাসি ঝড়ের সামনে প্যারাগুয়ে

ফরাসি ঝড়ের সামনে প্যারাগুয়ে
কানাডার মুখোমুখি মরক্কো

ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলের বড় হারে শুরুটা দুঃস্বপ্নের হলেও ধীরে ধীরে উন্নতি করে সামনে অগ্রসর হয়েছে লাতিন আমেরিকার দেশটি। শুরুর বিপর্যয় সামলে প্রাণবন্ত একতাবদ্ধ একটা দল হিসেবে প্যারাগুয়েকে বদলে দিয়েছেন কোচ গুস্তাভো আলফারো। উন্নতির ধারাবাহিকতায় বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অঘটন ঘটিয়ে জার্মান যন্ত্র বিকল করে শেষ ষোলোর লড়াইয়ে আজ তারা মুখোমুখি হচ্ছে ফ্রান্সের। লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এই প্যারাগুয়েই কিন্তু হারিয়ে দিয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা—এই দুই পরাশক্তিকে।
আকাশে উড়তে থাকা শিষ্যদের পা তাই মাটিতেই রাখতে বলেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম, ‘তারা যা অর্জন করেছে, তা কোনো দুর্ঘটনা নয়।’ এমবাপ্পেরা প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামার চার ঘণ্টা আগেই অবশ্য শুরু হয়ে যাবে শেষ ষোলোর (তৃতীয় রাউন্ড) লড়াই। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে এ পর্বের প্রথম ম্যাচে সহ-আয়োজক কানাডার প্রতিপক্ষ মরক্কো। নেদারল্যান্ডসের বিদায়ঘণ্টা বাজিয়ে আজ কানাডার বিপক্ষে শেষ আটে ওঠার লড়াইয়ে নামছেন আশরাফ হাকিমিরা।
২৮ বছর আগে বিশ্বকাপের এই একই মঞ্চে ইউরোপিয়ান পরাশক্তিদের মুখোমুখি হয়ে হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল লাতিন আমেরিকার দেশটিকে। ১১৪ মিনিটে করা লঁরা ব্লাঁর গোল্ডেন গোলে কপাল পুড়েছিল প্যারাগুয়ের। নিজ দেশে সেবার বিশ্বকাপও জিতেছিল ফরাসিরা। সেদিন ফরাসি দলের অধিনায়ক ছিলেন দিদিয়ের দেশম, ১৯৯৮ সালের ওই সোনালি অতীত ফিরিয়ে আনতে এবার তিনি দলের রণকৌশল ঠিক করবেন ডাগ আউটে বসে। শক্তির নিক্তিতে কোয়ার্টার ফাইনালে ওঠার এই লড়াইয়েও পরিষ্কার ফেভারিট হয়ে মাঠে নামবেন এমবাপ্পে-ওলিসেরা। কিন্তু জয়োৎসব করতে হলে তাঁদের ভাঙতে হবে প্যারাগুয়ের দুর্ভেদ্য রক্ষণব্যূহ! দেশটির সাবেক ফরোয়ার্ড মিগুয়েল আনহেল বেনিতেজ ফ্রান্সের বিপক্ষে মনপ্রাণ উজাড় করে খেলতে পরামর্শ দিয়েছেন তাঁর উত্তরসূরিদের। কয়েক সেকেন্ডের ভুলেও তো ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে পড়তে পারে তারা। কারণ সামান্যতম ভুলেরও চরম শাস্তি দিয়ে ম্যাচটা নিজেদের করে নিতে পারঙ্গম ফ্রান্সের বিশ্বসেরা আক্রমণ ভাগ!