রবার্তো কার্লোস কি ইসলাম গ্রহণ করেছেন, জানালেন আসল সত্য

রবার্তো কার্লোস কি ইসলাম গ্রহণ করেছেন, জানালেন আসল সত্য
স্পোর্টস ডেস্ক

আগস্ট ২০, ২০২৬
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। ইসলাম গ্রহণের খবরকে সরাসরি ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই সাবেক ফুটবলার।
কয়েক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রবার্তো কার্লোসকে ঘিরে এ গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পেছনে ছিল মরক্কোর এক মুসলিম নারীর সঙ্গে তাঁর বিয়ে এবং ইসলামি রীতিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের ছবি।
গুঞ্জনের শুরু যেভাবে
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তি শেখ জিহাদ হামাদের সঙ্গে রবার্তো কার্লোসের সাক্ষাৎ হয়েছে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে একজন কাজির উপস্থিতিতে ইসলামি রীতিতে বিয়ের আয়োজন করতে দেখা যায় কার্লোসকে।
ছবিগুলো প্রকাশের পরই অনলাইনে দাবি ছড়িয়ে পড়ে, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কার্লোস এবং মুসলিম রীতিতে নতুন করে বিয়ে করেছেন তিনি। তবে পরে জানা যায়, ঘটনাটি ভিন্ন।
আসল ঘটনা কী
রবার্তো কার্লোস সম্প্রতি মরক্কোর ব্যবসায়ী সোহাইলা তাহিরিকে বিয়ে করেছেন। তাঁদের বিয়ের অনুষ্ঠানে ইসলামি রীতির পাশাপাশি কার্লোসের পরিবারের ধর্মীয় রীতিও অনুসরণ করা হয়। আর সেই অনুষ্ঠানের ছবিই মূলত বিভ্রান্তির জন্ম দেয়।
সৌদি আরবের দৈনিক পত্রিকা ওকাজকে দেওয়া সাক্ষাৎকারে কার্লোস বলেন, ইসলাম ধর্মের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। স্ত্রীকে নামাজ পড়তে দেখাও তাঁর কাছে চমৎকার অভিজ্ঞতা। তবে তিনি ইসলাম গ্রহণ করেছেন—এমন খবর সত্য নয়।
কার্লোস জানান, তাঁদের বিয়েতে দুই পরিবারের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান করা হয়েছে। তাঁর পরিবারের সদস্যরা ক্যাথলিক। অন্যদিকে তাঁর মরোক্কান স্ত্রী এবং তাঁর বন্ধুদের মুসলিম ধর্মীয় পরিচয় রয়েছে। এ কারণে বিয়েতে উভয় পক্ষের রীতিনীতিই রাখা হয়েছিল।
অর্থাৎ, বিয়ের অনুষ্ঠানে ইসলামি রীতি অনুসরণ করা কিংবা স্ত্রীর ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার অর্থ কার্লোস নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন নয়।
সোহাইলার সঙ্গে পরিচয় যেভাবে
সাক্ষাৎকারে রবার্তো কার্লোস জানান, ফুটবল-সম্পর্কিত একটি ব্যবসায়িক বৈঠকের মাধ্যমে সোহাইলা তাহিরির সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। সোহাইলা একজন সফল ব্যবসায়ী বলেও জানান তিনি।
কার্লোসের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর ধরে তাঁদের সম্পর্ক ছিল। এই সময়ে ব্যক্তিগত ও পেশাগত—দুই ক্ষেত্রেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ও বোঝাপড়া তৈরি হয়। পরে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
কার্লোসের কত নম্বর বিয়ে
৫৩ বছর বয়সী রবার্তো কার্লোসের এটি তৃতীয় বিয়ে। তাঁর প্রথম স্ত্রী আলেকজান্দ্রা পিনহেইরোর সঙ্গে ২০০৩ সালে বিবাহবিচ্ছেদ হয়। ওই সংসারে তাঁদের তিন সন্তান রয়েছে।
এরপর ২০০৯ সালের জুনে মারিয়ানা লুকনের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন কার্লোস। ১৫ বছরের বেশি সময় সংসার করার পর ২০২৫ সালের শুরুতে তাঁদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে।
সব মিলিয়ে সাত নারীর গর্ভে রবার্তো কার্লোসের ১১ সন্তান রয়েছে। ২০১৭ সালের অক্টোবরে তাঁর মেয়ে জিওভানার ঘরে একটি পুত্রসন্তান জন্ম নেয়। ফলে ফুটবলের এই কিংবদন্তি ইতোমধ্যে নানাও হয়েছেন।
সুতরাং, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও বিভিন্ন প্রতিবেদনের কারণে রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন বলে যে গুঞ্জন তৈরি হয়েছিল, তাঁর নিজের বক্তব্য অনুযায়ী সেটি সত্য নয়। মুসলিম রীতিতে বিয়ের আয়োজন করা হলেও তিনি ধর্ম পরিবর্তন করেননি।