ভারতকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে আরও সজাগ থাকতে হবে: পানি সম্পদমন্ত্রী

ভারতকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে আরও সজাগ থাকতে হবে: পানি সম্পদমন্ত্রী

 

ফেনী প্রতিনিধি, ২৫ অগাস্ট ২০২৬

পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ভারত থেকে বাংলাদেশে পানি আসার বিষয়টি দীর্ঘদিনের। এ বিষয়ে বাংলাদেশ সজাগ ও সতর্ক রয়েছে। পাশাপাশি বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ হিসেবে ভারতকেও সম্পর্কের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

inside-post

মঙ্গলবার ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের মুহুরী ব্রিজ এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারত কোনো ধরনের সতর্কতা ছাড়াই বাংলাদেশের দিকে পানি ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ভারতকে চিন্তা করতে হবে, বাংলাদেশ তার পাশের দেশ এবং বন্ধুপ্রতীম দেশ। বন্ধুত্বের সম্পর্ক কতটুকু ইতিবাচক হওয়া উচিত, সেটিও ভারতকে ভাবতে হবে।’

তিনি আরও বলেন, ভারত এ বিষয়ে সজাগ থাকবে বলে বাংলাদেশ আশা করে। বন্ধুপ্রতীম দেশ হিসেবে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকবে। পাশাপাশি কোনো ধরনের আগ্রাসনের শিকার যেন বাংলাদেশ না হয়, সে বিষয়ে সরকার আরও সতর্ক থাকবে।

এদিন মন্ত্রী মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্পটি বাস্তবায়নে প্রথম পর্যায়ে ১ হাজার ৫৪৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু ও রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ফেনী সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি পরশুরামের মুহুরী নদীর বাঁধ নির্মাণের বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

আরো দেখুন