মাত্র ১৯ বছর বয়সেই মিস ইউনিভার্স ইন্ডিয়া, কে এই কাজিয়াহ?

মাত্র ১৯ বছর বয়সেই মিস ইউনিভার্স ইন্ডিয়া, কে এই কাজিয়াহ?

 

বিনোদন ডেস্ক

২৫ আগস্ট ২০২৬

ভারতের কেরালার ১৯ বছর বয়সী কাজিয়াহ লিজ মেজো মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট জিতেছেন। রবিবার (২৩ জুলাই) জয়পুরের জি স্টুডিওসে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে দেশের ৫২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই মর্যাদাপূর্ণ শিরোপা অর্জন করেন। গ্র্যান্ড ফিনালেতে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫ মানিকা বিশ্বকর্মা তার উত্তরসূরি কাজিয়াহ লিজ মেজোর মাথায় মুকুট পরিয়ে দেন।
inside-post

মুকুট জয়ের পর কাজিয়াহ বলেন, তিনি ‘বিশ্বের শীর্ষে’ থাকার মতো অনুভূতি পাচ্ছেন। গত তিন বছরেরও বেশি সময় ধরে তিনি এই মুহূর্তের জন্য পরিশ্রম করেছেন বলেও জানান। কেরালার হয়ে এই মুকুট ঘরে ফিরিয়ে নিজের শহরকে বিশ্বের সামনে তুলে ধরতে পারায় তিনি অত্যন্ত আনন্দিত।

নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে কাজিয়াহ বলেন, মানুষের সবচেয়ে কঠিন লড়াইটা অনেক সময় নিজের সঙ্গেই। নিজের যোগ্যতা ও সামর্থ্য সম্পর্কে নিজের ধারণার চেয়েও বেশি বিশ্বাস রাখা—এটাই ছিল তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাত্র ১৯ বছর বয়সে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মতো বড় মঞ্চে দাঁড়ানোর জন্য অনেক সাহস ও আত্মবিশ্বাসের প্রয়োজন হয়েছে বলে জানান তিনি। সেই চ্যালেঞ্জ অতিক্রম করেই শেষ পর্যন্ত মুকুট জিতেছেন বলে উল্লেখ করেন কাজিয়াহ।

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬ হওয়ার পর কাজিয়াহর সামনে এখন আরও বড় লক্ষ্য। আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিতব্য ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে কাজিয়াহ বলেন, তার প্রথম এবং সবচেয়ে বড় লক্ষ্য হলো মিস ইউনিভার্সের মুকুট ভারতে নিয়ে আসা। জীবনের প্রতিটি কাজে তিনি ভারত ও কেরালার প্রতিনিধিত্ব করতে চান বলেও জানান।

এবারের প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন ভারতের প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন, সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া উর্বশী রাউতেলা, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ রিয়া সিংহা এবং পরিবেশকর্মী ও চলচ্চিত্র প্রযোজক প্রজ্ঞা কাপুর। এছাড়া সাবেক মিস ইন্ডিয়া ইউনিভার্স ও মিস ইউনিভার্সের রানারআপ সেলিনা জেটলিও বিচারক প্যানেলের অংশ ছিলেন।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ এবং মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ২০২৬ হয়েছেন বৈষ্ণবী গণেশ। দ্বিতীয় রানারআপ হয়েছেন অনুশ্রী সাতাভলেকর। তৃতীয় রানারআপের খেতাব পেয়েছেন তেজস্বিনী শ্রীবাস্তব। আর চতুর্থ রানারআপ হয়েছেন অনুবা বশিষ্ঠ চৌধুরী। মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জয়ের মাধ্যমে এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্বের সুযোগ পেলেন কেরালার এই তরুণী। নভেম্বরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার পারফরম্যান্সের দিকে এখন তাকিয়ে থাকবেন ভারতের সৌন্দর্য প্রতিযোগিতাপ্রেমীরা।

সূত্র: এনডিটিভি

আরো দেখুন