অ্যাপল-শাওমিকে টেক্কা দিতে হুয়াওয়ের নতুন ফোল্ডেবল ফোন

অ্যাপল-শাওমিকে টেক্কা দিতে হুয়াওয়ের নতুন ফোল্ডেবল ফোন

অনলাইন ডেস্ক
চীনের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে নতুন ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে হুয়াওয়ে। সোমবার নতুন মেট এক্সটি২ বাজারে আনে প্রতিষ্ঠানটি
একই দিনে প্রতিদ্বন্দ্বী ফোল্ডেবল ফোন আনছে শাওমি। আর বুধবার নতুন আইফোন সিরিজ উন্মোচন করার কথা রয়েছে অ্যাপলের।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য দেয়।

হুয়াওয়ের নতুন মেট এক্সটি২ ফোনটি দুইবার ভাঁজ করা যায়।

পুরোপুরি খুললে এটি ট্যাবলেটের মতো বড় পর্দায় পরিণত হয়। এতে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নতুন কিরিন ৯০৫০ প্রো চিপ।হুয়াওয়ের দাবি, নতুন এই চিপ কম বিদ্যুৎ ব্যবহার করে বেশি কম্পিউটিং ক্ষমতা দিতে সক্ষম। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে উন্নত প্রযুক্তি ও চিপ ব্যবহারে হুয়াওয়ের যে সীমাবদ্ধতা রয়েছে, তা মোকাবিলায় নতুন চিপটি সহায়ক হতে পারে।

ক্যামেরাতেও আনা হয়েছে উন্নতি। হুয়াওয়ের নিজস্ব পরীক্ষার তথ্য অনুযায়ী, আগের মডেলের তুলনায় মেট এক্সটি২-এর সামগ্রিক পারফরম্যান্স ৪২ শতাংশ বেশি।
চীনের স্মার্টফোন বাজারে বর্তমানে হুয়াওয়ের অবস্থান বেশ শক্তিশালী। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে চীনের স্মার্টফোন বাজারে হুয়াওয়ের দখল ছিল ২২ দশমিক ৬ শতাংশ। একই সময়ে অ্যাপলের বাজার হিস্যা ছিল ১৮ দশমিক ১ শতাংশ এবং শাওমির ১২ দশমিক ৪ শতাংশ।

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে হুয়াওয়ের আধিপত্য আরও বেশি। গবেষণা প্রতিষ্ঠান স্মার্ট অ্যানালিটিকস গ্লোবালের তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনে ফোল্ডেবল ফোনের মোট সরবরাহের ৬৮ শতাংশই ছিল হুয়াওয়ের।

তবে বাজারে প্রতিযোগিতা আরও বাড়তে যাচ্ছে। শাওমি নতুন ফোল্ডেবল ফোন উন্মোচন করছে। অন্যদিকে নতুন আইফোন সিরিজ আনছে অ্যাপল। ফলে চীনের প্রিমিয়াম ও ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে হুয়াওয়ে, অ্যাপল ও শাওমির প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

inside-post
আরো দেখুন