১০১ শিক্ষককে জাতীয় সম্মাননা দিল সরকার, পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০১ শিক্ষককে জাতীয় সম্মাননা দিল সরকার, পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক:

অক্টোবর ৫, ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১০১ জন শিক্ষককে জাতীয়ভাবে বিশেষ সম্মাননা দিয়েছে সরকার। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হয়েছে। জাতীয় স্টিয়ারিং কমিটি ৯৫ জন শিক্ষককে চূড়ান্ত করেছে। এর বাইরে প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত রয়েছেন আরও ছয়জন।
তবে সম্মাননা পাওয়া কোনো শিক্ষকের বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ মন্তব্য বা তথ্য পাওয়া গেলে তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
‘স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স’ প্রতিপাদ্য সামনে রেখে দেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে।
প্যারিসে ১৯৯৩ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়।
১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে বিশ্ব শিক্ষক দিবস পালন শুরু হয়। ইউনেস্কোর অনুমোদনক্রমে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে।