সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, থার্মাল ড্রোন ও টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, থার্মাল ড্রোন ও টহল জোরদার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬,
অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তের যেকোনো অপতৎপরতা প্রতিরোধে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ব্যাটালিয়নের আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্তজুড়ে সার্বিক নিরাপত্তা জোরদারে বাড়ানো হয়েছে জনবল, টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্তবর্তী এলাকায় পর্যাপ্ত অতিরিক্ত জনবল মোতায়েনের মাধ্যমে নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
বিশেষ করে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী ও স্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দিন-রাত ২৪ ঘণ্টা সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ব্যক্তি বা পক্ষ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে যাতায়াত কিংবা অনুপ্রবেশের সুযোগ না পায়।
রাতের অন্ধকারে সীমান্তের স্পর্শকাতর ও অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিজিবি আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এসব এলাকায় সার্চলাইট ও থার্মাল ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে যৌথভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলায় সীমান্ত ফাঁড়িসহ (বিওপি) পুরো ব্যাটালিয়নের সবপর্যায়ের জনবলকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সাতক্ষীরা ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন।
তিনি আরও বলেন— জনবল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন, মোবাইল পেট্রোলিং এবং সার্চলাইট ও থার্মাল ড্রোনের ব্যবহারের পাশাপাশি স্থানীয় জনগণ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আমাদের নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিওপিসহ ব্যাটালিয়নের সব জনবল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
