আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি
লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬,
লক্ষ্মীপুরে জেলা আদালতে হাজির করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যান থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আঙুল দেখিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী দুই আইনজীবী। এর প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করেন তারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামিদের প্রিজনভ্যানে তোলার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
অভিযুক্ত মনিরুজ্জামান জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। জামিন পাওয়া রাজু আহমেদ লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি।
বিকালে সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, ঘটনার সময় জামিন শুনানির জন্য ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়। কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যানে উঠে দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেন। পরে বিএনপিপন্থী আইনজীবীরা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেন।
প্রতিবাদ মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বলেন,‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছে। এখন আবার ফ্যাসিবাদী কায়দায় তারা ককটেল বিস্ফোরণসহ আগুন-সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জামিন নিয়ে তারা আমাদের এবং আইনজীবীদের হুমকি দিচ্ছে।