বাবার ফোন বিক্রি করে পালাল ৪ শিক্ষার্থী, ১৬ ঘণ্টা পর হবিগঞ্জে উদ্ধার

বাবার ফোন বিক্রি করে পালাল ৪ শিক্ষার্থী, ১৬ ঘণ্টা পর হবিগঞ্জে উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি। ১৪ অক্টোবর ২০২৬

টিকটকে পরিচয়, এরপর সখ্য। সেই সূত্র ধরে পরিবারের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায় কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থী। সঙ্গে নেয় বাবার মোবাইল ফোন ও মায়ের স্বর্ণালংকার। পরে পরিবারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ফোন চার হাজার টাকায় বিক্রি করে প্রথমে ঢাকা, পরে হবিগঞ্জে যায় তারা। নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থী ও তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। তবে তারা স্কুলে উপস্থিত হয়নি। বিষয়টি জানতে পেরে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পরে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ তদন্তে নামে। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি দেশের বিভিন্ন থানায় নিখোঁজ শিশুদের ছবি ও তথ্য পাঠানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা কুমিল্লার টাউন হল সুপার মার্কেটের বাহার মোবাইল মার্কেটে পরিবারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ফোন চার হাজার টাকায় বিক্রি করে। সেই টাকা নিয়ে প্রথমে বাসে ঢাকায় যায় তারা। পরে এক শিক্ষার্থীর দাদাবাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
সেখানে পৌঁছে একটি সিএনজিচালিত অটোরিকশায় বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে তারা। তবে সঠিক ঠিকানা খুঁজে না পাওয়ায় চালক রাত ২টার দিকে চার শিশুকে চুনারুঘাট থানায় নিয়ে যান। পরে চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়। কুমিল্লা জেলা পুলিশের একটি দল গিয়ে শিশুদের কুমিল্লায় নিয়ে আসে।
পুলিশ আরও জানায়, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ কম ছিল। তারা নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ এবং টিকটকে ভিডিও আপলোড করত। এসব মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে কয়েকজন ছেলের সঙ্গে তাদের সখ্য গড়ে ওঠে। তবে পরিচিত ওই ছেলেদের প্রকৃত ঠিকানা সম্পর্কে তারা জানত না বলে পুলিশকে জানিয়েছে।
উদ্ধার হওয়া চার শিশুকে বুধবার দুপুরে আদালতে তোলা হবে বলে জানান পুলিশ সুপার।