মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলা: ১৯ জন গ্রেপ্তার

মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলা: ১৯ জন গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি :

মহাসড়কে উল্টোপথে চলাচলকারী অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা, সরকারি যানবাহন ভাঙচুর এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন সকাল থেকে নিয়মিত টহল ও অভিযান পরিচালনার সময় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি দল কুমিল্লা-ঢাকা মহাসড়কে উল্টোপথে চলাচলকারী কয়েকটি অবৈধ থ্রি-হুইলার (ইজিবাইক ও অটোরিকশা) আটক করে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
বেলা আনুমানিক ১১টা ১৫ মিনিটে নিমসার আমবাজার এলাকায় একটি অটোট্রলি উল্টোপথে এসে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা চালকের নাম-ঠিকানা জানতে চান। চালক পরিচয় দিতে ব্যর্থ হলে অটোট্রলিটি আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটককৃত অটোট্রলিটি সরিয়ে নেওয়ার সময় চালক হঠাৎ গাড়ির সামনে এসে লাফিয়ে উঠে হ্যান্ডেল ঘোরানোর চেষ্টা করেন। এতে অটোট্রলিটি উল্টে যায় এবং সামনের গ্লাস ভেঙে চালক সামান্য আহত হন।
এরপর ওই চালক চিৎকার-চেঁচামেচি করলে প্রায় ১০০ থেকে ১৫০ জন থ্রি-হুইলার ও অটোচালকসহ একদল ব্যক্তি নিমসার বাজার এলাকায় জড়ো হয়। তারা সংঘবদ্ধভাবে হাইওয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় কনস্টেবল মো. ইউসুফ আলী ও মো. রাব্বি ইসলাম আহত হন। একই সঙ্গে পুলিশের একটি ডাবল কেবিন পিকআপে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান শুরু হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. বিল্লাল হোসেন, মো. ইউসুফ মিয়া, মো. হাসান, মো. রিফাত, মো. হাবিব, মো. মফিজ, মো. আক্তার হোসেন, মো. সিফাত, মো. রবিউল, আবু ইউসুফ ইকরাম, মো. জুয়েল, সরোয়ার হোসেন, নুপুর শাহা, মো. সোহাগ মিয়া, মো. বিল্লাহ, মো. সোহেল মিয়া, মো. ইব্রাহিম খলিল, মো. দেলোয়ার হোসেন এবং মো. আজিজুল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ এক বিবৃতিতে জানায়, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হাইওয়ে পুলিশের দায়িত্ব। কর্তব্যরত পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ আপসহীন অবস্থানে থাকবে।