কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি:
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬,
কুমিল্লায় নিখোঁজের দুদিন পর আদনান আলতাফ (২৮) নামের এক মেডিকেল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আদনান আলতাফ ভারতের জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।
জানা গেছে, স্থানীয় একটি জলাশয়ে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহত আদনান আলতাফ কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় ওই মেডিকেল কলেজে অধ্যয়নরত দেশি-বিদেশি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কলেজ প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান আলতাফ মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কাছের একটি হোটেলে যান। এরপর রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে ক্যাম্পাসে তার মায়ের সঙ্গে থাকার বিশেষ ব্যবস্থা করে দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, সোমবার ওই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। এরপর থেকেই পুলিশ আদনানকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান ও খোঁজখবর চালাচ্ছিল। বুধবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা প্রাথমিক তদন্ত করা হচ্ছে। আমরা সার্বিক বিষয়গুলো খতিয়ে দেখছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
