কুমিল্লায় এনএসআইয়ের তথ্যভিত্তিক অভিযানে নকল ওষুধ চক্রের সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ ওষুধ ও উৎপাদন সামগ্রী জব্দ

কুমিল্লায় এনএসআইয়ের তথ্যভিত্তিক অভিযানে নকল ওষুধ চক্রের সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ ওষুধ ও উৎপাদন সামগ্রী জব্দ
নিজেস্ব প্রতিবেদক:
কুমিল্লা মহানগরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষুধ, ওষুধ তৈরির কেমিক্যাল, উৎপাদন মেশিন এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে নকল ওষুধ উৎপাদন ও সরবরাহ চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৬ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত প্রায় ১১টা ৫০ মিনিট পর্যন্ত এনএসআই কুমিল্লার তথ্য ও সরেজমিন উপস্থিতির ভিত্তিতে পুলিশের সহযোগিতায় কুমিল্লা মহানগরের পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন শ্রীবল্লভপুর এলাকায় একটি পিকআপ ভ্যানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পিকআপ ভ্যান থেকে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি অননুমোদিত নকল ক্যাপসুল, ট্যাবলেট ও সিরাপসহ মোট ১৮ হাজার ৬৬০ পিস ওষুধ জব্দ করা হয়। এছাড়া প্রায় ১০০ কেজি কেমিক্যাল পাউডার, ৭ লিটার তরল কেমিক্যাল, প্রায় ২০ হাজার প্যাকেট ওষুধের লেবেল, ১৫ কেজি ফয়েল পেপার এবং নকল ওষুধ তৈরির তিনটি মেশিন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে নকল ওষুধ উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাস এলাকার বাসিন্দা জুনায়েদ ইসলাম (৩০)কে গ্রেপ্তার করা হয়। তিনি মো. আব্দুল কাদেরের ছেলে।
অভিযান শেষে জব্দকৃত মালামাল সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশনা এবং জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক ফখরুল ইসলামের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এনএসআই সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কুমিল্লা বিসিক শিল্পনগরীর একটি গুদামে এসব অবৈধ সামগ্রী মজুদ রাখা হয়েছিল। পরে সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার তথ্য পাওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে উপযুক্ত সময়ে অভিযান পরিচালনা করে পিকআপভর্তি নকল ওষুধ, কেমিক্যাল ও উৎপাদন সামগ্রী জব্দ করা সম্ভব হয়। সূত্রটি আরও জানায়, কুমিল্লা বিসিক শিল্পনগরীতে নকল ওষুধ কারখানার বিরুদ্ধে চলমান অভিযানের ধারাবাহিকতায় এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
