কুমিল্লায় বিজিবির অভিযানে আসামিসহ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কুমিল্লায় বিজিবির অভিযানে আসামিসহ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার চালানটি সীমান্ত এলাকা হয়ে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে শুক্রবার (২৩ মে ২০২৬) ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ লাকসপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুলিপুর এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে তার কাছে থাকা ব্যাগ থেকে আনুমানিক ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. আবু সাঈদ (২৪)। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ সূর্যনগর গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক বহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরে উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্ত পথে মাদক চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

inside-post
আরো দেখুন