দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান
০১ জুলাই ২০২৬,

মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পরোক্ষ আলোচনায় বসছেন।
বুধবার এই আলোচনার বিষয়ে অবগত একজন কূটনীতিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।
ওই কূটনীতিক বলেছেন, লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ওপর ভিত্তি করে তৈরি হওয়া সমঝোতা স্মারক নিয়ে বুধবার দোহায় কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা।
তিনি বলেন, মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ এই কারিগরি আলোচনায় অংশ নিচ্ছেন না। তবে মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন তারা।
এর আগে, যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে কাতারে বৈঠকের জন্য কর্মকর্তা পাঠানোর তথ্য জানিয়েছিল।
কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতি, অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ চিরতরে বন্ধ ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সময়সীমা অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানি কর্মকর্তাদের বুধবার দোহা সফরের কথা থাকলেও সরাসরি আলোচনা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি।
তবে তিনি বলেছেন, আগামী দিনগুলোতে যেকোনো স্তরেই মার্কিন পক্ষের সঙ্গে আলোচনার কোনও পরিকল্পনা ইরানি কর্মকর্তাদের নেই।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর পরিবর্তে কুশনার ও উইটকফ মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, তারা তিনজন সমঝোতা স্মারকের কাঠামোর আওতায় আমেরিকা ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে কথা বলেছেন। এছাড়া লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন তারা।