বন্দরে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু, বাবা-মা হাসপাতালে

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে আট বছর বয়সী শিশু মারুফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় দগ্ধ তার বাবা-মা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকায় সেলিম মিয়ার টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মারুফ, তার বাবা মাইদুল (২৪) ও মা বিউটি (২৪) গুরুতর দগ্ধ হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আগুনে মারুফের শরীরের প্রায় ৯০ শতাংশ, মাইদুলের ৮৫ শতাংশ এবং বিউটির ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারুফের মৃত্যু হয়। তার বাবা-মায়ের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

inside-post
আরো দেখুন