বিদায়ী শিক্ষককে ৬ লাখ টাকা উপহার দিলেন সাবেক শিক্ষার্থীরা

বিদায়ী শিক্ষককে ৬ লাখ টাকা উপহার দিলেন সাবেক শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬

দীর্ঘ ৪২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আলহাজ সৈয়দ মনিরুল হক উচ্চবিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক মো. তাজুল ইসলাম ভূইয়া।

অবসর উপলক্ষে আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করেন তার সাবেক শিক্ষার্থীরা। সংবর্ধনায় উপহারসামগ্রীর পাশাপাশি তাকে প্রায় ৬ লাখ টাকা নগদ উপহার দেন সাবেক শিক্ষার্থীরা।

 

 

সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক সাবেক শিক্ষার্থী ও সহকর্মী।

সাবেক শিক্ষার্থী তাজুল ইসলাম হানিফ ও নুর আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নজরুল ইসলাম, তবারক হোসেন তপু, লিংকন খান, আয়াত উল্লাহ ভূইয়া, আমেরিকা প্রবাসী জান্টু খান, হারুনুর রশিদ ও আলী আক্কাস চৌধুরীসহ সাবেক শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক কখনো অবসর নেন না। তার জ্ঞান, আদর্শ ও ভালোবাসা শিক্ষার্থীদের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে। তাজুল ইসলাম ভূইয়ার ৪২ বছরের শিক্ষকতা জীবন শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে বলেন, শ্রেণিকক্ষে শিক্ষকের কঠোর শাসনের আড়ালে ছিল গভীর মমতা। তার কাছ থেকে শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, জীবনে ভালো মানুষ হওয়ার শিক্ষাও পেয়েছেন তারা।

তাদের ভাষায়, স্যার অবসরে গেলেও আমাদের হৃদয় থেকে কখনো অবসর নেবেন না। প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এ আয়োজন।

অনুষ্ঠানে তাকে বিভিন্ন উপহারসামগ্রী দেওয়ার পাশাপাশি সাবেক শিক্ষার্থীরা সম্মিলিতভাবে প্রায় ৬ লাখ টাকা নগদ উপহার দেন।

বিদায়ী বক্তব্যে তাজুল ইসলাম ভূইয়া বলেন, ৪২ বছরের শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি অবসরে যাচ্ছি, কিন্তু প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে কখনো দূরে যেতে চাই না। তোমরা ভালো মানুষ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে—এটাই আমার প্রত্যাশা। সবাই আমার জন্য দোয়া করবেন।

পরে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তাজুল ইসলাম ভূইয়াকে বিদায়ী সম্মাননা জানান সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর খান।

 

 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শিউলি আক্তার, ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক আরিফ মাহমুদ, ইউপি সদস্য মনিরুল ইসলামসহ শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা।

inside-post

 

আরো দেখুন