আইসিসির নতুন ভাবনা; কমবে দ্বিপাক্ষিক সিরিজ, বাড়বে ভারত-পাকিস্তানসহ বহুদেশীয় ম্যাচ

আইসিসির নতুন ভাবনা; কমবে দ্বিপাক্ষিক সিরিজ, বাড়বে ভারত-পাকিস্তানসহ বহুদেশীয় ম্যাচ
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, দিন কয়েক আগেই আইসিসির সিইও সংযোগ গুপ্তা এক সাক্ষাৎকারে বলেছেন, দর্শকদের আগ্রহ বাড়াতে একাধিক ভাবনা রয়েছে আইসিসির। যখন তখন দ্বিপাক্ষিক সিরিজ আর নয়।
সংযোগ গুপ্তা মেনে নিয়েছেন দ্বিপাক্ষিক সিরিজ ক্রিকেটকে বাঁচাতে পারবে না। দর্শকদের আগ্রহ ফেরাতে অন্যরকম ভাবনা রয়েছে আইসিসির। সেই বিকল্প ভাবনাটা হল আরো বেশি বহুদেশীয় টুর্নামেন্ট আয়োজন।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলির দাবি, আগামী দিনে আরো বেশি করে ভারত এবং পাকিস্তানের ম্যাচের আয়োজন করা হতে পারে। কারণ ওই ম্যাচে দর্শকদের উৎসাহ থাকে। যেহেতু দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, তাই কোনও নিরপেক্ষ ভেন্যুতে ৩ বা চার দেশের সিরিজের আয়োজন করা যেতে পারে।
ওই সিরিজে শ্রীলঙ্কা বা বাংলাদেশকেও আমন্ত্রন জানানো হতে পারে। নিরপেক্ষ ভেন্যু হিসাবে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কথাও ভাবা হয়েছে। শোনা যাচ্ছে, পাকিস্তান এই ধরনের সিরিজ খেলার ব্যাপারে বেশ আগ্রহী। তবে ভারতের অবস্থান এখনো স্পষ্ট নয়।
আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির সদস্য দেশগুলির বৈঠক। ওই বৈঠকে ১২টি পূর্ণ সদস্যের দেশ এবং ৮টি অ্যাসোসিয়েট সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই বৈঠকেই ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হতে পারে। সেখানেই বহুদেশীয় টুর্নামেন্ট নিয়ে আলোচনা হবে। ভারত-পাক ম্যাচ বাড়ানো নিয়েও আলোচনা হবে।
