রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে নারী বিবেচনায় একই মামলার অপর আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন মঞ্জুর করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন সুমন এতথ্য নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘদিন ধরে অসুস্থ ও নারী বিবেচনায় আসামি মার্জিয়া খন্দকার রিমি দশ হাজার টাকার মুচলেকায় জামিন পেয়েছেন। তবে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আয়াশের এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।
এর আগে গত ১০ অক্টোবর আল নূর মোহাম্মদ আয়াশ ও মারজিয়া খন্দকার রিমিকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১১ অক্টোবর দুজনের বিভিন্ন মেয়াদের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে ১৪ অক্টোবর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।মামলার অভিযোগে বলা হয়, গত ১০ অক্টোবর শিল্পকলা একাডেমির সামনের প্রাচীরে রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র মোছার চেষ্টা করেন একদল তরুণ। সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। ঘটনাস্থলে এক নারীকে রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি দিতে দেখা যায়। সে সময় এক পুলিশ সদস্য তাকে বাধা দেন।
এ ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে শাহবাগ থানার এসআই জিয়াউল হক মামলাটি করেন। গ্রেপ্তারের পর আদালত এই মামলার আসামিদের রিমান্ড মঞ্জুর করেছিলেন।সেগুনবাগিচায় গত ৫ অক্টোবর ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের পাশের দেয়ালে রবীন্দ্রনাথ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামে একটি ফেসবুক পেজ থেকে এই সাংস্কৃতিক ব্যক্তিদের ছবি আঁকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সত্যজিৎ রায় কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ আখ্যা দিয়ে তাদের প্রতিকৃতি আঁকা নিয়ে প্রশ্ন তোলা তারা। পরে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর আয়াসের নেতৃত্বে সেসব প্রতিকৃতি মুছতে যায় একদল লোক।