অস্ট্রেলিয়ার ২৫ সংবাদমাধ্যমে অর্থায়ন বন্ধ করছে গুগল

অস্ট্রেলিয়ার ২৫ সংবাদমাধ্যমে অর্থায়ন বন্ধ করছে গুগল

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার ২৫টি সংবাদমাধ্যমের সঙ্গে করা কোটি ডলারের বাণিজ্যিক চুক্তি বাতিল করেছে গুগল। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকারের নতুন গণমাধ্যম দর-কষাকষি আইনকে এ সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
গুগলের দাবি, নতুন আইনের কারণে অস্ট্রেলিয়ার স্থানীয় সাংবাদিকতা খাতে অর্থায়নের কৌশল পুনর্বিবেচনা করতে হচ্ছে তাদের।অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোর সঙ্গে নতুন করে চুক্তি করার বিষয়ে গুগলের অনাগ্রহের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে এ সিদ্ধান্তকে। পাবলিক ইন্টারেস্ট পাবলিশার্স অ্যালায়েন্সের (পিআইপিএ) অন্তর্ভুক্ত ২৫টি সংবাদমাধ্যমকে গুগল জানিয়েছে, আগামী ডিসেম্বরের শেষে তাদের অর্থায়ন বন্ধ হয়ে যাবে। পিআইপিএর সদস্য সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে রিনিউ ইকোনমি, দ্য অস্ট্রেলিয়ান জুইশ নিউজ, গ্রিন স্ট্রিট নিউজ ও নিওস কসমস।

 

চুক্তিটির আর্থিক মূল্য ছিল বছরে প্রায় ৩০ লাখ অস্ট্রেলীয় ডলার। সংশ্লিষ্ট শর্ত সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সূত্র। পাঁচ বছরে চুক্তিটির মোট মূল্য ছিল প্রায় ১ কোটি ৫০ লাখ ডলার।

পিআইপিএকে পাঠানো এক চিঠিতে গুগল বলেছে, ২০২৬ সালের ২৬ আগস্ট নিউজ মিডিয়া বার্গেইনিং ইনসেনটিভ (অ্যাডমিনিস্ট্রেশন) আইন কার্যকর হয়েছে।

এর ফলে বাণিজ্যিক অবস্থান পুনর্মূল্যায়ন করতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। শেষ পর্যন্ত চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তারা। এ জন্য লিখিতভাবে নোটিশও দেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়, চুক্তি বাতিলের সিদ্ধান্ত ২০২৬ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। একই সঙ্গে অংশীদারত্বের জন্য সংবাদমাধ্যমগুলোকে ধন্যবাদ জানিয়েছে গুগল।এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি পিআইপিএর এক মুখপাত্র। গুগলের এক মুখপাত্রও নতুন চুক্তি নিয়ে অনাগ্রহের বিষয়টি অনেকটা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরামর্শ প্রক্রিয়ায় গুগল তাদের উদ্বেগের কথা জানিয়েছিল। নতুন আইনটি বাণিজ্যিক চুক্তিতে পৌঁছানোর জন্য যথেষ্ট প্রণোদনা তৈরি করছে না।

 

ওই মুখপাত্রের দাবি, অস্ট্রেলিয়ায় ৯০টির বেশি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি রয়েছে একমাত্র গুগলের। এসব চুক্তির আওতায় রয়েছে ২২৬টি সংবাদমাধ্যম। অস্ট্রেলিয়ার বড় গণমাধ্যম প্রতিষ্ঠান নাইন এন্টারটেইনমেন্ট ও সেভেন ওয়েস্ট মিডিয়ার সঙ্গে গুগলের আগের চুক্তির মেয়াদও শেষ হয়েছে। নাইন এন্টারটেইনমেন্ট প্রকাশ করে দ্য অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ। এসব চুক্তি নতুন করে নবায়নের সম্ভাবনা এখন কম বলে মনে করা হচ্ছে।

পিআইপিএর সদস্য সংবাদমাধ্যমগুলোর সঙ্গে গুগলের পাঁচ বছরের চুক্তি ছিল, যার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকার কথা। তবে গত বছরের মাঝামাঝি সময়ে চুক্তিটি বাতিল করা হয়েছিল। পরে বিষয়টি অনেকটা নীরবে নতুন করে স্বাক্ষরিত হয়, তবে এবার এক বছর মেয়াদি চুক্তি করা হয়।

২০২১ সালে তৎকালীন কনজারভেটিভ জোট সরকারের আমলে নিউজ মিডিয়া বার্গেইনিং কোড নামে একটি আইন চালু করে অস্ট্রেলিয়া। এর আওতায় দেশটির সংবাদমাধ্যমগুলোকে অর্থ দেওয়ার জন্য গুগল ও ফেসবুকের সঙ্গে কয়েক ডজন চুক্তি করে। এসব চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো বছরে কয়েক কোটি ডলার পেত।

আইনটির মূল উদ্দেশ্য ছিল গুগল ও ফেসবুকের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর আর্থিক ক্ষমতার ভারসাম্য তৈরি করা।

সংবাদমাধ্যমের খবর ব্যবহার করে এসব প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের সেবা উন্নত করলেও সংবাদ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর আর্থিক টেকসই অবস্থানে তাদের অবদান তুলনামূলকভাবে কম—এমন যুক্তি থেকেই আইনটি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গুগল ও মেটা স্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে চুক্তি করে। এসব চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার সংবাদবাজারে বছরে আনুমানিক ২৫ কোটি ডলার যুক্ত হয়েছিল। মেটার অধিকাংশ চুক্তির মেয়াদ ছিল তিন বছর। গুগলের কিছু চুক্তি ছিল পাঁচ বছরের।

তবে ২০২৪ সালে মেটা ঘোষণা দেয়, তারা আর কোনো চুক্তির মেয়াদ বাড়াবে না। প্রয়োজনে নিজেদের প্ল্যাটফর্ম থেকে সংবাদ সরিয়ে নেওয়ারও হুমকি দেয় প্রতিষ্ঠানটি। একই ধরনের আইন চালুর পর কানাডায় ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ প্রচার বন্ধ করে দিয়েছিল মেটা। অন্যদিকে তখনো অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোকে অর্থায়ন অব্যাহত রেখেছিল গুগল।

এরপর নতুন উদ্যোগ নেয় আলবানিজ সরকার। নিউজ মিডিয়া বার্গেইনিং ইনসেনটিভ (এনবিআই) নামে নতুন একটি ব্যবস্থা চালু করা হয়। এর আওতায় গুগল, মেটা, টিকটক ও মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় যেসব প্রযুক্তি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থেকে আয় ২৫ কোটি ডলারের বেশি, তাদের ওপর এ ব্যবস্থা কার্যকর হবে।

প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন আয়ের ওপর ২ দশমিক ৭৫ শতাংশ হারে কর আরোপ করা হয়েছে, যা ২০২৫ সালের শুরু থেকে কার্যকর ধরা হয়েছে। তবে অন্তত আটটি ভিন্ন সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলে এ করের পুরো অর্থ সমন্বয় করার সুযোগ রয়েছে।

সরকারের হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে এ ব্যবস্থা থেকে অন্তত ৫৫ কোটি ডলার রাজস্ব আসতে পারে। ২০২৭-২৮ অর্থবছরে আসতে পারে ৪০ কোটি ডলার। পরবর্তী দুই অর্থবছরে প্রতি বছর ৪৫ কোটি ডলার করে রাজস্ব আসার পূর্বাভাস দিয়েছে সরকার। এদিকে নতুন করব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের বিভিন্ন লবিং সংগঠন আপত্তি জানিয়েছে।

নতুন ব্যবস্থায় সংগৃহীত অর্থ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোর মধ্যে বিতরণ করা হবে। যেসব সংবাদমাধ্যমে পূর্ণকালীন সাংবাদিকের সংখ্যা বেশি, তারা বেশি অর্থ পাবে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোর দাবি, এ বিষয়ে তারা কানাডায় মেটার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে। তাদের ধারণা, ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটাও শেষ পর্যন্ত নতুন করের অর্থ পরিশোধ করবে।

inside-post
আরো দেখুন