কেবিসির ভুয়া প্রশ্ন নিয়ে বিতর্ক, অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ

কেবিসির ভুয়া প্রশ্ন নিয়ে বিতর্ক, অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক
অনলাইনে ছড়িয়ে পড়া ভারতের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি-কেবিসি’র একটি ক্লিপ নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। পাঞ্জাবের মানহানির অভিযোগ এনে কেবিসির উপস্থাপক অমিতাভ বচ্চন এবং সস্প্রচার প্রতিষ্ঠান সনি টিভিকে আইনি নোটিশ পাঠনো হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, যে ক্লিপটি নিয়ে বিতর্ক, সেটি বিকৃত করা হয়েছে। যে প্রশ্ন নিয়ে বিতর্ক, তেমন কোনো প্রশ্ন কেবিসিতে কখনো করাই হয়নি।চার বছর আগে প্রচারিত কেবিসির একটি অংশকে বিকৃত করে অনলাইনে ছড়িয়ে দেয়া হয়।

আগামী তিন মাসের মধ্যেই পাঞ্জাবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনকে সামনে রেখে কেবিসির ভুয়া প্রশ্ন ছড়িয়ে রাজ্যে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে হেয় করার চেষ্টা করা হয়েছিল।অনলাইনে ছড়ানো ভুয়া প্রশ্নটিতে পাঞ্জাবের আম আদমি পার্টি সরকারের কর্মদক্ষতা নিয়ে ইঙ্গিত ছিল। বিকৃত করা প্রশ্নটি ছিল, ‘সম্প্রতি, নিচের কোন রাজ্যে অপরাধীরা থানায় বোমা বিস্ফোরণ ঘটাতে ভয় পাচ্ছে না।’

ক্লিপটিতে আসলে কোনো প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়নি, এতে এমন একটি ফন্ট ব্যবহার করা হয়েছে যা অনুষ্ঠানটিতে ব্যবহার করা হয় না।

রিভার্স-ইমেজ সার্চ ব্যবহার করে যাচাই করার পর দেখা যায়, মূল ভিডিওটি ২০২২ সালের অক্টোবরে দীপাবলি সপ্তাহে প্রচারিত কেবিসি-র ১৪তম সিজনের ৫৮তম পর্বের অংশ।

প্রতিযোগী ড. সমিত সেনের অংশটুকু পুরোপুরি দেখার পর জানা যায়, ১২ লাখ ৫০ হাজার রুপির আসল প্রশ্নটির সাথে পাঞ্জাবের একটি পরোক্ষ যোগসূত্র ছিল, যদিও প্রশ্নটি আসলে একজন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীকে নিয়ে করা। ২২ বছরের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আসা প্রথম প্রতিযোগী ড. সমিত সেনকে প্রশ্ন করা হয়েছিল, ‘নিচের কোন শিল্পী বুদাপেস্টে এক হাঙ্গেরীয় মা এবং এক ভারতীয় বাবার ঘরে জন্মগ্রহণ করেছিলেন?’

ড. সেন বলেছিলেন, ফ্রান্সিস নিউটন সুজা। কিন্তু উত্তরটি ছিল ভুল।

সঠিক উত্তর ছিল অমৃতা শেরগিল, যাঁর বাবা ছিলেন উমরাও সিং শেরগিল মাজিথিয়া—একজন ভারতীয় পাঞ্জাবি জাট শিখ অভিজাত। আর তাঁর মা ছিলেন মারি অ্যান্টোয়েনেট গটেসম্যান, যিনি একটি ধনী পরিবারের ইহুদি হাঙ্গেরীয় অপেরা গায়িকা ছিলেন।তবে রাজনৈতিক রঙ লাগানো ভুয়া প্রশ্নটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এমনকি বিজেপির জাতীয় মুখপাত্র আরপি সিংও সেটি শেয়ার করেন। ১৯ নভেম্বর দেওয়া পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘হা হা হা! যাঁরা পাঞ্জাবে পরিবর্তনের মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলেন! কৌন বনেগা ক্রোড়পতিতে অমিতাভ বচ্চন প্রশ্ন করেছেন: ভারতের কোন রাজ্যে থানায় বোমা বিস্ফোরণ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে? উত্তর হলো: পাঞ্জাব!’

পাঞ্জাবের সাঙ্গরুরের এক বাসিন্দার আইনি নোটিশ পাঠানোর একদিন পর সোমবার ক্ষমতাসীন আম আদমি পার্টি প্রতিক্রিয়া জানিয়ে ক্লিপটিকে ভুয়া বলে অভিহিত করে। আপ মুখপাত্র বালতেজ সিং পান্নু এনডিটিভিকে বলেন, ’শিরোমণি আকালি দল পাঞ্জাবের মানহানি করতে এবং এর থেকে রাজনৈতিক ফায়দা লুটতে এই ভুয়া ভিডিওটি তৈরি করেছে।’ শিরোমণি আকালি দল এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং এআই ক্লিপটির মূল উৎস এখনো শনাক্ত করা যায়নি।

সাঙ্গরুরের বাসিন্দা রঞ্জিত সিংয়ের পক্ষে অ্যাডভোকেট ইন্দরজিৎ অরোরা রোববার ওই আইনি নোটিশটি পাঠিয়েছিলেন। অরোরা আগেই জানিয়েছিলেন যে ক্লিপটি আসল কি না সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না এবং একটি স্ক্রিনশটে যা দেখেছেন তার ওপর ভিত্তি করেই তিনি আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন।

অরোরা বলেন, ‘৩/৪ দিন আগে আমার একজন মক্কেল আমার কাছে এসে কেবিসি-র একটি স্ক্রিনশট ও ভিডিও দেখান- সেখানে প্রশ্ন করা হয়েছিল ‘বর্তমান সময়ে কোন রাজ্যে অপরাধীরা কোনো ভয় ছাড়াই থানায় বোমা হামলা চালাচ্ছে’।’

তিনি অভিযোগ করেন, ‘আমার মনে হয়নি এটি কোনো সাধারণ জ্ঞানের প্রশ্ন; এটি একটি রাজ্যের মানহানি করার সরাসরি প্রচেষ্টা।’

তিনি বলেন, ‘এ কারণে আমি সনি টিভি এবং অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ পাঠিয়ে দাবি জানিয়েছি যে, এটি অবিলম্বে জাতীয় গণমাধ্যম থেকে সরিয়ে ফেলতে হবে এবং ভিডিওটি যদি তাঁদের অনুষ্ঠান থেকে তৈরি হয়ে থাকে, তবে তাঁদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’ ক্লিপটি আসল না হলে চ্যানেলটি তা স্পষ্ট করতে পারে বলেও তিনি যোগ করেন।

নোটিশে বচ্চন এবং সনিকে অবিলম্বে আপত্তিকর প্রশ্ন এবং এর সাথে সম্পর্কিত ভিডিও ক্লিপগুলো সরিয়ে ফেলতে, পাঞ্জাবের জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে ও ব্যাখ্যা দিতে এবং ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অমিতাভ বচ্চন বা সনি টিভির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

inside-post
আরো দেখুন