প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদের সঙ্গে থাকবেন হাসনাত ও আখতার

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদের সঙ্গে থাকবেন হাসনাত ও আখতার

অনলাইন ডেস্ক
দেশের চলমান পরিস্থিতিতে জুলাই আন্দোলনের পক্ষের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হতে যাচ্ছে।এতে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি এক ঘণ্টা পর্যন্ত চলতে পারে।

এনসিপির পক্ষ থেকে অংশ নেওয়া অপর দুইজন হলেন- এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

 

এদিকে রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত জরুরি ব্রিফিংয়ে সংলাপের বিষয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দেশের সংকটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাড়া দেবে।

তিনি জানান, জাতীয় সংসদের চিফ হুইপ টেলিফোনে এই সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন। চলমান নাশকতা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর মতামত নেবেন। নিজের অবস্থানও জানাবেন।যা শুরু হচ্ছে তরুণদের দল এনসিপিকে দিয়ে। এই সংলাপে জামায়াতসহ অন্য দলগুলোকেও ধারাবাহিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিদেশ সফর থেকে ফিরলে আগামী ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের সঙ্গে সংলাপের কথা রয়েছে।

inside-post
আরো দেখুন