বিলাসবহুল গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবা, গ্রেফতার ২

বিলাসবহুল গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবা, গ্রেফতার ২
কুমিল্লা প্রতিনিধি:

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬,
কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময় ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। তিনি সাংবাদিকদের উদ্ধার সংক্রান্ত ব্রিফিং করেন।
কুমিল্লা ডিবির ওসি শামছুল আলম শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি এলাকায় অবস্থান নেয় ডিবির একটি টিম। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতরে একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো ইয়াবার চালান উদ্ধার করা হয়। এ ঘটনায় ফয়সাল হোসেন (২৫) ও গাড়িচালক আমান উল্লাহ (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
ইয়াবা জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি জানান, মাদক ব্যবসায়ীদের সব অভিনব কৌশল আমাদের নজরদারিতে রয়েছে। আমাদের পুলিশের গোয়েন্দা ইউনিট সীমান্তে এবং মহাসড়কে তৎপর রয়েছে।
তিনি আরও জানান, তিন লাখ ইয়াবাসহ গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল সেই বিষয়ে বিস্তারিত জানা যাবে।