কুমিল্লায় বর্ণাঢ্য জশনে জুলুছ ও জিকির মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লায় বর্ণাঢ্য জশনে জুলুছ ও জিকির মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি:

পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে কুমিল্লায় পরম ভাবগম্ভীর ও আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য “আল্লাহ্ আল্লাহ্ জিকির, ঈদে মাজিদুন্নবী (সা.) ও ঈদে মিলাদুন্নবী (সা.)” উপলক্ষে জশনে জুলুছ ও বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে কুমিল্লা নগরীর ঐতিহাসিক টাউন হল ময়দানে জিক্রুল্লাহ্ ইসলামিয়া যুব কমিটি কুমিল্লা মহানগর শাখার সৌজন্যে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা নগরী ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুল হক চৌধুরী। জিক্রুল্লাহ্ ইসলামিয়া যুব কমিটি কুমিল্লা মহানগর শাখার নেতৃবৃন্দ ও বিশিষ্ট আলেমদের উপস্থিতিতে পুরো ময়দান জিকির ও সালাত-সালামের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

মাহফিলে সভাপতিত্ব করেন রেইসকোর্সস্থ ‘ডা: দেলোয়ার আই কেয়ার সেন্টার’-এর স্বনামধন্য চিকিৎসক আলহাজ্জ ডা: মোহাম্মদ দেলোয়ার হোসেন আল্-ক্বাদেরী। এতে সম্মানিত অতিথি হিসেবে রূহানি ফয়েজ বরকত পরিবেশন করেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব ক্বেবলা আলহাজ্জ শাহসূফী শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল্-ক্বাদেরী (মা:জি:আ:)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোঃ ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ উদবাতুল বারী আবু।
মাহফিলের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহপুর দরবার শরীফস্থ নুরুন্নবী (সা.) ইসলামিয়া দাখিল মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্জ শরিফুল ইসলাম আল ক্বাদেরী। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, আইন বিষয়ক সম্পাদক আবু কাওসার, শাহজাদা ইয়াসিন সুবহানি এবং সংগঠনের উপদেষ্টা হাজী বিল্লাল হোসেন শাহাপুরি ও হাজী মোহাম্মদ রিপন শাহাপুরি।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও সুমহান আদর্শ দৈনন্দিন জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে বিশ্বনবী (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ আখেরি মোনাজাত পরিচালনা করা হয়।
