ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত, নতুন নেতৃত্বে আলোচনায় যারা

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত, নতুন নেতৃত্বে আলোচনায় যারা

দলীয় একাধিক সূত্র জানায়, সভাপতি পদে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু এবং মনিরুল ইসলাম স্বপন আলোচনায় রয়েছেন।
সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রুবেল। দলীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং একাধিক মামলার আসামি হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নতুন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের প্রাধান্য দেওয়ার চিন্তা রয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠা কয়েকজন নেতা বাদ পড়তে পারেন।
পদপ্রত্যাশী একাধিক নেতাকর্মী জানান, আন্দোলন-সংগ্রামে সক্রিয়, ত্যাগী এবং সাংগঠনিক দক্ষতাসম্পন্ন নেতাদের নিয়ে কমিটি গঠন করা হলে তৃণমূলের প্রত্যাশা পূরণ হবে।
এর আগে ৩০ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
